×
Logo

খেলাধুলা

নিউজিল্যান্ডের কাছে ৩-০ গোলে হারলো ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পিএম

নিউজিল্যান্ডের কাছে ৩-০ গোলে হারলো ভারত

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের কাছে ৩-০ গোলে হেরেছে ভারত। স্বাগতিক দলের কোচ হিসেবে ড্যারেন বেজলির বিদায়ী ম্যাচটি জয়ে রাঙিয়েছে কিউইরা। ম্যাচের তিনটি গোলই হয়েছে প্রথমার্ধে। গোল করেন ফিন সারম্যান, জেমস ম্যাকগ্যারি ও অধিনায়ক ক্রিস উড।

রোববারের (১৫ নভেম্বর) পুরো ম্যাচজুড়েই ভারতের ছন্নছাড়া রক্ষণভাগ ও এলোমেলো কৌশল ছিল চোখে পড়ার মতো। তিন ডিফেন্ডারের মধ্যে দুইজনই ছিলেন মূলত লেফট ব্যাক— জয় গুপ্ত ও আকাশ মিশ্র। মাঝমাঠে খেলেছেন উইঙ্গার আশিক কুরুনিয়ান। আর আক্রমণভাগে একা ছিলেন মানভীর সিং। ফলে রক্ষণে যেমন সুরক্ষা ছিল না, তেমনি আক্রমণেও তৈরি করতে পারেনি কার্যকর কোনো চাপ।

ম্যাচের প্রথম গোলটি আসে ভারতের গোলরক্ষক বিশাল কাইথের ভুলে। ক্যালাম ম্যাককাওয়াটের নেওয়া কর্নার ঠেকাতে এগিয়ে এসে বলের নাগাল পাননি তিনি। বলটি পোস্টের কাছে পড়ে স্বাগতিক দলের স্থানীয় খেলোয়াড় সারম্যানের গায়ে লেগে জালে জড়ায়।

প্রথমার্ধের শেষ দিকে তিন মিনিটের ব্যবধানে আরও দুই গোল করে ব্যবধান বাড়ায় নিউজিল্যান্ড। ম্যাচজুড়ে দূরপাল্লার শট নেওয়ার চেষ্টা করা জেমস ম্যাকগ্যারি কর্নার থেকে পাওয়া বল বক্সের বাইরে পেয়ে দারুণ শটে জালে পাঠান।

এরপর ক্যালাম ম্যাককাওয়াট ও জেসি র‍্যান্ডালের দারুণ সমন্বয়ে ডান দিক দিয়ে আক্রমণ গড়ে নিউজিল্যান্ড। তাদের তৈরি করে দেওয়া সুযোগ থেকে সহজ ট্যাপে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক ক্রিস উড।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল হয়নি। ভারতের বদলি গোলরক্ষক হৃতিক তিওয়ারির কয়েকটি দুর্দান্ত সেভে ব্যবধান আর বাড়াতে পারেনি স্বাগতিকরা।

এই আন্তর্জাতিক বিরতিতে দুই ম্যাচে মোট আট গোল হজম করে ফিরছে ভারত। অন্যদিকে, বেজলির বিদায়ী ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে স্বস্তির আবহে তাকে বিদায় জানিয়েছে নিউজিল্যান্ড।

/এনএ 

Logo