×
Logo

খেলাধুলা

সাফ চ্যাম্পিয়নশিপ

আজ জিতলেই ফাইনালে প্রতিপক্ষ ভারত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

আজ জিতলেই ফাইনালে প্রতিপক্ষ ভারত

সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ রাত সাড়ে ৮টায় দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জিতলেই আগামী ১৭ নভেম্বর ফাইনালে ভারতকে প্রতিপক্ষ হিসেবে পাবে বাংলাদেশ।

পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো শুরুর একাদশে আটজন বংশোদ্ভূত ফুটবলার রেখেছে বাংলাদেশ। টমাস ডুলির একাদশে তিন দেশি ফুটবলার হলেন গোলরক্ষক শ্রাবণ, রহমত ও রাকিব।

বাংলাদেশের একাদশে এসেছে দুটি পরিবর্তন। সাদের জায়গায় খেলছেন রহমত, আর ইব্রাহিমের পরিবর্তে সুযোগ পেয়েছেন শুকি।

একাদশ: শ্রাবণ, জায়ান, জিদান, তারিক, রহমত, হামজা, শমিত, কাজেম, ফারহান, শুকি ও রাকিব।

এর আগে, জাতীয় স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালের শুরুতেই এগিয়ে যায় ভারত। ম্যাচের ৯ মিনিটে ক্রস থেকে পাওয়া বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে দলকে লিড এনে দেন বিষ্ণু। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন চিংলেন সানা সিং। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে ভারত।

বিরতির পর ৪৮ মিনিটে টাশি টোবডেনের গোলে ব্যবধান কমায় ভুটান। ভিএআর যাচাইয়ের পর গোলটি নিশ্চিত করেন রেফারি। এরপর আরও কিছু সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি ভুটান।

/এসআইএন

Logo