×
Logo

খেলাধুলা

ফারহানের গোলে থাক জীবনের আহ্বান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পিএম

ফারহানের গোলে থাক জীবনের আহ্বান

সতীর্থদের কাঁধে ফারহান। ছবি: সংগৃহীত

আল মাহফুজ ⚫

বাংলাদেশের গ্রেটেস্ট গোল কিনা, সেই তর্ক আপাতত তোলা থাক; তবে ওয়ান অফ দ্য গ্রেটেস্ট তো বটেই! বলছি সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে দেওয়া ম্যাচে ফারহান আলী ওয়াহিদের ম্যাজিকাল গোলটার কথা।

ফুটবল যখন আসে তরুণদের আত্মার পক্ষে সার্থক বার্তা নিয়ে, তখন এমন গোলের দেখা পাওয়া যায়। ফুটবল যখন আসে কার্তিকে ছাতিমের গন্ধ ছড়িয়ে, তখন এমন গোলের গল্প লেখা হয়। ইউরোপিয়ান ফুটবলে প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পাঁচ-ছয়জন খেলোয়াড়কে কাটিয়ে এমন গোল হরহামেশা দেখতে পাওয়া যায় কিন্তু বাংলাদেশের সমর্থক! তাদের চোখ উৎসুক হয়ে থাকে রক্ষণ ছিন্ন করা ভিন্ন টোকার জন্য, তাদের কান উৎকর্ণ হয়ে ওঠে পৃথিবীর বাতাসে ছোট্ট উল্লাস শুনতে। অবশেষে তারা এর সাক্ষী হতে পারলো!

দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলতে নেমে গোলের দেখা পেলেন ফারহান। উল্লাসে মত্ত হলো দর্শকে টইটম্বুর গ্যালারি। ম্যাচের ৫৪ মিনিটে করা এই গোলটি যেন ফারহানের ড্রিবলিং, বল কন্ট্রোল আর লক্ষ্যভেদের সামর্থ্যের পুরোটা সাক্ষ্য দিলো। সিলেটি এই তরুণের জাদুকরী গোল দেখে ঠিক তখন আরেক সিলেটির মাথায় হাত! স্তব্ধ হামজার অবিশ্বাসী চোখে তখন স্বস্তির ভাসান। যাক, গোলস্কোরিং এবিলিটি রয়েছে, এমন একজনকে তো পাওয়া গেল! সত্যি বলতে, যুগের পর যুগ বাংলাদেশকে ভুগিয়েছে এই মিসিং পাজলটাই– সহজাত গোল করার সামর্থ্য! 

২০০৬ সালের ৯ ডিসেম্বর জন্ম ফারহানের। ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা এই প্রডিজির পরিবারের সবাই বাঙালি। ফারহান ফুটবলের প্রথম পাঠ নিয়েছিলেন চেলসির একাডেমিতে। কিন্তু ২০১৯ সালে তিনি পাড়ি জমান ফুলহ্যামের একাডেমিতে।

পেশাদার হিসেবে নিজের প্রথম বছরে প্রিমিয়ার লিগের সেকেন্ড টায়ারে খেলেন ফারহান। ২১ ম্যাচে ১৭টি গোল করে আস্থার প্রদান দেনতি। মৌসুমেসেরা খেলোয়াড়ের মনোনয়নও পান। ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে প্রথম প্রফেশনাল কন্ট্রাক্ট সাইন করেন। বর্তমানে ফুলহ্যাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের ক্লাব বোরহাম উডে খেলছেন ১৯ বছর বয়সী। গো মাসেই ফারহান পেলেন ২০২৬ জনি হেইনেস ট্রফি বিজয়ীর অনিন্দ্য খবর। ফুলহ্যামের একাডেমি থেকে উঠে আসা সেরা তরুণ ফুটবলারকে বর্ষসেরার এ পুরস্কারে ভূষিত করা হয়। 

পুরস্কারের প্রসঙ্গ ছেড়ে আসা যাক প্রতিভা কথনে। সময়ের স্রোতে ফারহান নিজের প্রতিভা দিয়ে মাত করেছেন অনেককেই। তার মধ্যে একজন শ্রীলঙ্কার ফুটবল কোচ আবদুল্লাহ আল মুতাইরি। তিনি ফারহানের ব্যাপারে এতোই আপ্লুত যে, তার পরা বিশ নম্বর জার্সি নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন আগেই। ম্যাচ শেষে ফারহানের জার্সি চেয়ে নিয়েছেন প্রতিপক্ষের কোচ– ফুটবল এ কারণেই মনোহর। ফুটবল এ কারণেই সাম্যের সম্ভার।

লঙ্কান কোচের মতে, আগামী এক দশকে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল তারকায় পরিণত হবেন ফারহান। 'জহুরী জহর চেনে' প্রবাদটি সত্যিতে পরিণত হোক, প্রবলভাবে এটা চাইবে দেশের ফুটবল সমর্থক। কারণ, ফুটবল মানেই আনন্দযজ্ঞ। ফুটবল মানেই হর্ষধ্বনি। দর্শক সেই আনন্দের খোঁজেই স্টেডিয়ামে আসে, গ্যালারিতে গর্জন তোলে। আর ফারহান-মোরসালিনদের মতো আতশবাজিরা ফুটতে থাকলে তার রেশ ছড়িয়ে পড়বে কোটি বাংলাদেশি প্রাণে।

শ্রীলঙ্কার বিপক্ষে ফারহানের দুর্দান্ত গোলটিকে অনেকেই মনে করছেন তার ডেব্যু গোল। কিন্তু সঠিক তথ্য হলো গত মাসে ফিফা আসিয়ান কাপে ইন্দোনেশিয়ার বিপক্ষে এই কুশলী ফরোয়ার্ড পান প্রথম আন্তর্জাতিক গোল। তবে সাফে করা তার এই চোখধাঁধানো গোলটির স্মৃতি বাংলাদেশের ফুটবলামোদীরা হয়তো কখনও ভুলে পারবে না।

আমার কোচিং ক্যারিয়ারে দেখা সেরা গোল–ফারহানের প্রশংসায় পঞ্চমুখ ডুলি
গোলের পর ধ্যানমগ্ন ফারহান  

এতোদিন লিওনেল মেসি, নেইমার জুনিয়র কিংবা কিলিয়ান এমবাপ্পের মোহনীয় গোল দেখে এ দেশের দর্শকদের চোখ হতো ছানাবড়া। সেসব খেলোয়াড়ের অনিন্দ্যসুন্দর গোল দেখে তারা উন্মাদনায় মাততো। এখন আর পরবাসের চশমায় চোখ বসাতে হবে হবে না; অণুবীক্ষণ যন্ত্র দিয়ে প্যারাসাইট খুঁজতে হবে না। এখন এ মাটির তরুণ তুর্কির গোলেই থাকে জীবনের আহ্বান! এখন ড্রিবলিংয়ে কিংবা ডিফেন্ডারদের কাটিয়ে অনায়াসে গোল করার মতো আমাদেরও এক 'ম্যাজিক্যাল বয়' আছে, নাম ফারহান আলী ওয়াহিদ।

লাল-সবুজের জার্সিতে ফারহানের যাত্রা মাত্র শুরু। এর মাঝেই দেখা পেয়েছেন দুই গোলের। গতকালের গোলটি বাংলাদেশের গ্রেটেস্ট গোল কিনা, সেই আলোচনাও চলছে। পর্বতমালায় ‘নীলকুরিঞ্জি’ কিংবা 'ওয়ান সিজন ওয়ান্ডার' প্রসঙ্গ মাথায় রেখেও তাই বিশ্বকে নির্দ্বিধায় বলা যায়– এটা কেবল শুরুর ট্রেলার! পিকচার আভি বাকি হ্যায়..

ফারহানের এখন কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার বয়স। আঠারোর চেয়ে এক বেশি হলেও তাকে নিয়ে লেখাটা শেষ করা যায় সুকান্তের 'আঠারো বছর বয়স' কবিতার কয়েকটি পঙক্তি দিয়ে—

"এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে..
"

Logo