আর্জেন্টিনা ছেড়ে জন্মভূমি হাইতিকেই বেছে নিলেন কিকি রামোস
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:০৮ এএম
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আর্জেন্টিনার পরিবর্তে নিজ জন্মস্থান হাইতির হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভেলেজ সার্সফিল্ডের তরুণ ফুটবলার স্টিফেন ‘কিকি’ রামোস। হাইতিয়ান ফুটবল ফেডারেশন (এফএফএইচ) আনুষ্ঠানিকভাবে তার এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছে।
২০০৯ সালের ৩ এপ্রিল হাইতির রাজধানী পোর্ট-ও-প্রিন্সে জন্মগ্রহণ করেন রামোস। ২০১০ সালের ভয়াবহ ভূমিকম্প থেকে বেঁচে যাওয়ার পর তাকে দত্তক নেয় একটি আর্জেন্টাইন পরিবার। এরপর আর্জেন্টিনার বুয়েনস আইরেসে বেড়ে ওঠেন তিনি। সেখানেই ভেলেজ সার্সফিল্ডের হয়ে ফুটবলে নিজের ক্যারিয়ার গড়ে তোলেন এই প্রতিভাবান উইঙ্গার।
এর আগে, আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ দলের হয়ে কয়েকটি প্রীতি ম্যাচে খেলেছিলেন রামোস। তবে শেষ পর্যন্ত নিজের জন্মভূমি হাইতির প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফেডারেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন এই তরুণ ফুটবলার।
এক বিবৃতিতে এফএফএইচ জানায়, ‘স্টিফেন অস্কার রামোস, যিনি কিকি নামে পরিচিত, ২০০৯ সালের ৩ এপ্রিল পোর্ট-ও-প্রিন্সে জন্মগ্রহণ করেন। ভেলেজ সার্সফিল্ডের এই তরুণ ফুটবলার হাইতিকে বেছে নিয়েছেন এবং ব্রাজিলে অনূর্ধ্ব-১৭ জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন।’
এতে আরও বলা হয়, রামোসকে হাইতির ফুটবল পরিবারের স্বাগত জানাচ্ছে ফেডারেশন। পাশাপাশি তার এজেন্ট ও ভেলেজ সার্সফিল্ডকেও সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়।
আগামী ১৯ নভেম্বর থেকে ১৩ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হতে যাওয়া ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে খেলবে হাইতি। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ ফ্রান্স, সৌদি আরব ও উরুগুয়ে।
উল্লেখ্য, অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে হাইতির হয়ে খেললেও আর্জেন্টিনার হয়ে খেলার দরজা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে না রামোসের। হাইতির জাতীয় দলের হয়ে তিনটি অফিশিয়াল ম্যাচ না খেলা পর্যন্ত আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ থাকবে তার।
/এমএইচআর