×
Logo

খেলাধুলা

রাওয়ালপিন্ডি টেস্ট

সাকিব খানের জোড়া আঘাত, বড় সংগ্রহের পর বোলিংয়েও দুর্দান্ত সূচনা পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ১০:০২ পিএম

সাকিব খানের জোড়া আঘাত, বড় সংগ্রহের পর বোলিংয়েও দুর্দান্ত সূচনা পাকিস্তানের

শ্রীলঙ্কার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে ৪৩৪ রানের বড় সংগ্রহ পেয়েছে পাকিস্তান। বল হাতেও দাপট দেখাচ্ছে স্বাগতিকরা। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে ১১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। জোড়া উইকেট তুলে নিয়েছেন সাকিব খান।

মঙ্গলবার (১০ নভেম্বর) আলোকস্বল্পতার কারণে স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে শেষ হয় দ্বিতীয় দিনের খেলা। এখনও ৩২০ রানে পিছিয়ে রয়েছে সফরকারীরা।

লঙ্কানদের ব্যাটিং বিপর্যয়ের শুরুটা করেন অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস। ওপেনিংয়ে নামা পাসিন্দু সুরিয়াবন্দরাকে বিদায় করেন তিনি। এরপর নিজের অভিষেক টেস্টেই নজর কাড়েন সাকিব খান। দুর্দান্ত এক ডেলিভারিতে অভিজ্ঞ দিনেশ চান্দিমালকে ফিরিয়ে দেন এই পেসার। এরপর লাহিরু উদারাও বেশিক্ষণ টিকতে পারেননি। সাকিবের দ্বিতীয় শিকারে পরিণত হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি।

শেষ দিকে পরিস্থিতি সামাল দেন নকামিন্দু মেন্ডিস ও ধনাঞ্জয়া ডি সিলভা। দিন শেষে দু'জন ক্রিজে অপরাজিত রয়েছেন যথাক্রমে ৪০ ও ২২ রানে।

এর আগে, দিনের শুরুতে পাকিস্তানের ব্যাটিংয়ের নেতৃত্ব দেন সৌদ শাকিল। আগের দিনের ধারাবাহিকতা ধরে রেখে স্বচ্ছন্দে রান তুলছিলেন তিনি। গাজী ঘোরির সঙ্গে ৯৬ এবং আরাফাত মিনহাসের সঙ্গে ৪৪ রানের জুটি গড়েন শাকিল।

হঠাৎ ছন্দপতন ঘটে স্বাগতিকদের। লেগ সাইডে ক্যাচ দিয়ে ফেরেন শাকিল। শ্রীলঙ্কার ৫ম পেসার হিসেবে টেস্টে ১০০ উইকেট পূর্ণ করেন আসিথা।

শাকিলের বিদায়ের পর পাকিস্তানের ব্যাটিংয়ের ধরনেও পরিবর্তন আসে। দ্রুত রান তোলার দিকে মনোযোগী হন ব্যাটাররা। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ঝড় তুললেও দ্রুতই সাজঘরে ফেরেন রেজাউল্লাহ ও আরাফাত। এরপর ৪৩৪ রানে ইনিংস ঘোষণা করে পাকিস্তান।

/এমএইচআর

Logo