×
Logo

খেলাধুলা

টানা ১১ জয়ে দুরন্ত পিএসজি, ত্রোয়াকে হারিয়ে লিগ ওয়ান শীর্ষে এনরিকের দল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০৬:০৭ এএম

টানা ১১ জয়ে দুরন্ত পিএসজি, ত্রোয়াকে হারিয়ে লিগ ওয়ান শীর্ষে এনরিকের দল

ফরাসি লিগ ওয়ানে টানা সপ্তম জয়ের পাশাপাশি সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১তম জয় তুলে নিয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (৭ নভেম্বর) পার্ক দে প্রিন্সেসে একমাত্র গোলের সুবাদে নবাগত ত্রোয়াকে ১-০ ব্যবধানে হারিয়েছে লুইস এনরিকের দল। একাধিক গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই মাঠে নামা পিএসজি জয় পেলেও ম্যাচে ছিল না তাদের চেনা দাপট।

ম্যাচের ৩৯ মিনিটে সেনি মায়ুলুর ক্রস থেকে হেডে বল জালে পাঠান ইউক্রেনের ডিফেন্ডার ইলিয়া জাবারনি। দ্রুত নেওয়া দেজিরে দুয়ের কর্নারের পর তৈরি হওয়া আক্রমণে পাওয়া এই গোলই শেষ পর্যন্ত দুই দলের ব্যবধান গড়ে দেয়। চলতি মৌসুমে এটি জাবারনির দ্বিতীয় গোল।

চোটের কারণে এদিন পিএসজির হয়ে মাঠে নামতে পারেননি খভিচা কাভারাটসখেলিয়া, উসমান দেম্বেলে, নুনো মেন্দেস, মাগনেস আকলিউশে ও অধিনায়ক মারকিনিওস। বিশ্রামে ছিলেন আশরাফ হাকিমি। আর জোয়াও নেভেসকে শুরুতে একাদশে না রেখে বদলি হিসেবে খেলান কোচ লুইস এনরিকে।

এত গুরুত্বপূর্ণ খেলোয়াড় না থাকলেও জয় পেতে খুব একটা বেগ পেতে হয়নি পিএসজিকে। তবে ম্যাচের বাকি সময়ে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগ তৈরি করেও কাজে লাগাতে পারেনি তারা। বিশেষ করে স্পেনের বিশ্বকাপজয়ী ফরোয়ার্ড ফেররান তোরেস বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন। পিএসজির হয়ে প্রথম ছয় ম্যাচে সাত গোল করা এই ফরোয়ার্ড এখন টানা আট ম্যাচে গোলের দেখা পাননি।

তোরেসের গোলখরা নিয়ে অবশ্য উদ্বিগ্ন নন এনরিকে। ম্যাচ শেষে তিনি বলেন, ‘তাকে নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। এটা স্বাভাবিক। আক্রমণভাগের খেলোয়াড়েরা নিয়মিত সুযোগ তৈরি করতে পারছে, সেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। আজ প্রতিপক্ষের গোলরক্ষকও খুব ভালো খেলেছেন।’

চ্যাম্পিয়নস লিগে মাঝ সপ্তাহে ভিয়ারিয়ালের মাঠে ৬-০ গোলের বিশাল জয়ের পর এবার ঘরোয়া লিগেও জয় ধরে রাখল পিএসজি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জয়ের এই ধারাটি এনরিকের অধীনে ক্লাবটির সবচেয়ে দীর্ঘ জয়যাত্রা। ২০২৩ সালে দায়িত্ব নেওয়ার পর এবারই প্রথম এমন কীর্তি গড়লেন তিনি।

টানা জয়ের প্রসঙ্গে পিএসজি কোচ বলেন, ‘এমন কিছু অর্জন করা খুব কঠিন এবং বিরল। ফুটবল এমন একটি খেলা, যেটি সব সময় নিয়ন্ত্রণে রাখা যায় না। তবে টানা ১১ জয়ের চেয়ে আন্তর্জাতিক বিরতির পর খেলা আটটি ম্যাচে জিততে পারায় আমি বেশি খুশি। খেলোয়াড়েরা জাতীয় দলের দায়িত্ব শেষ করে ফিরলে আমরা একই ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করব।’

ম্যাচের দ্বিতীয়ার্ধে পিএসজি সমর্থকদের আতশবাজি উদ্‌যাপনের মধ্যেই গোল শোধের সুযোগ পেয়েছিল ত্রোয়া। তবে রেনো রিপার্টের ভালো একটি প্রচেষ্টা লক্ষ্যভ্রষ্ট হয়। শেষ দিকে লুকা মারোনিয়ের শট থেকে পাওয়া গোলও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। ফলে হার নিয়েই মাঠ ছাড়তে হয় পয়েন্ট তালিকার তলানির দিকে থাকা দলটিকে। সিটি ফুটবল গ্রুপের মালিকানাধীন ক্লাবটি লিগ ওয়ানে টিকে থাকার লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই জয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে পিএসজি। ১১ ম্যাচের জয়যাত্রার পাশাপাশি লিগে টানা সাত জয়ে তাদের পয়েন্ট এখন দ্বিতীয় স্থানে থাকা প্যারিস এফসির চেয়ে তিন বেশি।

শনিবার দিনের আরেক ম্যাচে অক্সেরের মাঠে ১-০ গোলে জিতেছে প্যারিস এফসি। দ্বিতীয়ার্ধে দলের জয়সূচক গোলটি করেন মালির ফরোয়ার্ড লাসিনে সিনায়োকো। সাবেক ক্লাব অক্সের থেকে গ্রীষ্মকালীন দলবদলে প্যারিস এফসিতে যোগ দেওয়া এই স্ট্রাইকার পাবলো পাগিসের অ্যাসিস্ট থেকে বল জালে পাঠান।

চলতি মৌসুমে দারুণ ছন্দে থাকা ২৬ বছর বয়সী সিনায়োকো ১০ ম্যাচে ৯ গোল করে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। শুক্রবার ফ্রান্সের নতুন কোচ জিনেদিন জিদানের কাছ থেকে প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া পাগিসও এদিন গোলের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

/এনএ


Logo