রোনালদোর পর পর্তুগালের ৭ নম্বর জার্সি যাচ্ছে কার দখলে?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ০১:৩২ এএম
জাতীয় দল থেকে অবসর ঘোষণার পর ক্রিশ্চিয়ানো রোনালদোর ৭ নম্বর জার্সি নিয়ে উঠছে প্রশ্ন। ভক্তরা তুলে রাখার দাবি তুললেও ফিফার নিয়মের কাছে তা টিকছে না। রোনালদো পরবর্তী সময়ে পর্তুগালের হয়ে ৭ নম্বর এই জার্সিটির দৌঁড়ে এগিয়ে রাফায়েল লেয়াও। সম্ভাবনায় আছেন পেদ্রো নেতো-গনসালো গেদেসও।
জর্জ বেস্ট, ডেভিড বেকহ্যাম, লুইস ফিগো কিংবা রাউল গঞ্জালেস— ৭ নম্বর জার্সিতে আলো ছড়িয়েছেন ফুটবলের বহু কিংবদন্তি ফুটবলার। তবে আধুনিক ফুটবলে এই জার্সিকে বিশ্বজুড়ে সবচেয়ে বেশি পরিচিত করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল। ২৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিজের পরিসংখ্যানের পাশাপাশি ৭ নম্বর জার্সিকে পরিণত করেছেন ব্র্যান্ডে।
জাতীয় দলে রোনালদোর অভিষেক হয়েছিল ১৭ নম্বর জার্সিতে। সতীর্থ লুইস ফিগো অবসরে যাওয়ার পর ৭ নম্বর জার্সি গায়ে তোলেন তিনি। এরপর দীর্ঘ ১৮ বছর এই জার্সি হয়ে ওঠে তাঁর ট্রেডমার্ক। এমনকি 'সিআরসেভেন' নামটিও পরিচিতি পায় বিশ্বজুড়ে।
অবসরের ঘোষণায় রোনালদো নিজেই বলেছেন, সময় এসেছে ৭ নম্বর জার্সিটি জাতীয় দলকে ফিরিয়ে দেয়ার। তবে ট্রেডমার্ক এই জার্সিটি তুলে রাখার অনুরোধ সিআরসেভেন ভক্তদের। তবে চাইলেই কি অবসরে পাঠানো যাবে এই জার্সি? ফিফার নিয়ম বলছে, আন্তর্জাতিক ফুটবলে জাতীয় দলগুলোর জার্সি নম্বর চিরতরে তুলে রাখার সুযোগ নেই। প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী খেলোয়াড়দের নির্দিষ্ট ক্রমিক নম্বর দিতে হয়। সেক্ষেত্রে ২৬ সদস্যের স্কোয়াডে ১ থেকে ২৬ পর্যন্ত নম্বর বরাদ্দের বিধান রয়েছে। যে কারণে রোনালদোর অনুপস্থিতিতে পর্তুগালের হয়ে ৭ নম্বর জার্সি গায়ে দেখা গেছে রাফায়েল লেয়াওকে।
এর আগে ডিয়েগো ম্যারাডোনার ১০ নম্বর জার্সি তুলে রাখার অনুরোধ করেও ফিফার অনুমতি পায়নি আর্জেন্টিনা। ২০০২ বিশ্বকাপে সেই জার্সি পরেছিলেন আরিয়েল ওর্তেগা। তবে ক্লাব ফুটবলে চিত্রটা আলাদা। সেখানে জার্সি নম্বর অবসরে পাঠানোর নজির রয়েছে।
প্রশ্ন উঠছে শেষ পর্যন্ত কে হতে যাচ্ছেন রোনালদোর উত্তরসূরি? আপাতত দৌড়ে এগিয়ে রাফায়েল লেয়াও। সম্ভাবনায় আছেন চেলসির পেদ্রো নেতোও। এছাড়া গনসালো গেদেসও পর্তুগালের হয়ে এই জার্সি পরেছেন। তবে উত্তরসূরি যেই হোন, রোনালদোর মতো কিংবদন্তির ছায়া পেরিয়ে ৭ নম্বরের নতুন ইতিহাস লেখা যে সহজ হবে না তা অনেকটাই অনুমেয়।
ফুটবল থেকে রোনালদোর বিদায় হয়তো একদিন চূড়ান্ত হবে। কিন্তু পর্তুগালের ৭ নম্বর জার্সির সঙ্গে তাঁর নামের যে সম্পর্ক, তা মুছে ফেলা কঠিন। নিয়মের কারণে জার্সিটি থাকবে, তবে সেই জার্সিতে রোনালদোর মতো মহাকাব্য লিখতে পারবেন কি না নতুন কেউ, সেটিই এখন দেখার অপেক্ষা।
/এমএইচআর