×
Logo

খেলাধুলা

উয়েফা ইউরোপা লিগ

ফেরেঙ্কভারোসের কাছে বিধ্বস্ত এসি মিলান, মার্সেই ও জুভেন্টাসের জয়

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬, ১০:৩৬ এএম

ফেরেঙ্কভারোসের কাছে বিধ্বস্ত এসি মিলান, মার্সেই ও জুভেন্টাসের জয়

ইউরোপা লিগে ঘরের মাঠে হাঙ্গেরির ক্লাব ফেরেঙ্কভারোসের কাছে ২-০ গোলে হেরে বড় ধাক্কা খেয়েছে এসি মিলান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে একের পর এক ভুলের খেসারত দিতে হয়েছে ইতালিয়ান ক্লাবটিকে। অন্যদিকে, জার্মানির বায়ার লেভারকুসেনকে ১-০ গোলে হারিয়ে আসরে প্রথম জয় পেয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেই। এ ছাড়া এজেড আলকমারকে ২-১ গোলে হারিয়েছে আরেক ইতিলিয়ান জায়ান্ট জুভেন্টাস।

এদিকে, এবছরের ইউরোপীয় প্রতিযোগিতায় চার ম্যাচের মধ্যে তৃতীয় হারের মুখ দেখল মিলান। এই হারে প্লে-অফে ওঠার জায়গা থেকেও পিছিয়ে পড়েছে দলটি। চার ম্যাচে মাত্র তিন পয়েন্ট নিয়ে তালিকার ২৮তম স্থানে রয়েছে তারা।

অন্যদিকে, ১২ পয়েন্ট নিয়ে যৌথভাবে শীর্ষে রয়েছে ফেরেঙ্কভারোস, বেনফিকা ও বোর্নমাউথ। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তালিকার শীর্ষে বেনফিকা। লেচ পজনানকে ৩-১ গোলে হারিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।

মিলানের বিপক্ষে ম্যাচের ৫২ মিনিটে এগিয়ে যায় ফেরেঙ্কভারোস। গোলরক্ষক লরেঞ্জো তোরিয়ানির ভুল পাসের সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান লেনি জোসেফ। ১৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন তিনি। ৭৭ মিনিটে বদলি খেলোয়াড় বামিদেলে ইউসুফ লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখে সফরকারীরা। ফলে ঘুরে দাঁড়ানোর সুযোগও পায়নি মিলান।

তবে প্রতিযোগিতা থেকে এখনই হাল ছাড়তে রাজি নন মিলান কোচ রুবেন আমোরিম। ম্যাচ শেষে তিনি বলেন, গাণিতিকভাবে ছিটকে না যাওয়া পর্যন্ত তারা লড়াই চালিয়ে যাবেন। অন্য প্রতিযোগিতাগুলোর মতো ইউরোপা লিগেও শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার প্রত্যয় জানান তিনি।

জার্মানিতে বায়ার লেভারকুসেনের বিপক্ষে অনেকটা নিষ্প্রাণ ম্যাচে শেষদিকে দারুণ একক নৈপুণ্যে মার্সেইকে জয় এনে দেন আমিনে গুইরি। ম্যাচের ৭৭ মিনিটে মাঝমাঠের কাছ থেকে বল নিয়ে প্রতিপক্ষের একাধিক ডিফেন্ডারকে কাটিয়ে ডান পায়ের শটে জালে বল পাঠান এই ফরোয়ার্ড। তাতেই প্রতিযোগিতায় প্রথম তিন পয়েন্টের দেখা পায় ফরাসি ক্লাবটি।

হিমাদ আবদেল্লি এবং কেলিয়ান বেজাহাফের সঙ্গে মার্সেইয়ের প্রথম গোল উদযাপন করছেন আমিন গৌরি

এদিকে, নেদারল্যান্ডসে এজেড আলকমারকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচের ১৯ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন তেউন কুপমেইনার্স। মজার বিষয়, এজেডের অধিনায়ক পিয়ার কুপমেইনার্স তারই ভাই। ডান দিক দিয়ে র‍্যান্ডাল কোলো মুয়ানির দারুণ আক্রমণের পর বক্সের বাইরে বল পেয়ে প্রথম ছোঁয়াতেই জালে পাঠান জুভেন্টাসের এই ডাচ মিডফিল্ডার।

জুভেন্টাসের  হয়ে তেউন কুপমেইনার্সের গোল

বিরতির আট মিনিট আগে ব্যবধান দ্বিগুণ করেন কোলো মুয়ানি। প্রতিপক্ষের হাই প্রেসিংয়ের সুযোগে বলের নিয়ন্ত্রণ হারানোর পর সেটি কেড়ে নিয়ে বক্সে ঢুকে নিচু শটে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান তিনি। শেষদিকে মেক্স মেরডিঙ্ক একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি এজেড আলকমার।

এই জয়ে ১০ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছে জুভেন্টাস। একই পয়েন্ট নিয়ে তাদের সঙ্গে রয়েছে ইউনিয়ন সাঁ-জিলোয়া ও অলিম্পিয়াকোস।

অন্য ম্যাচে সেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে হফেনহাইম। ম্যাচের শুরুতেই আলেক্সান্ডার প্রাসের গোলে এগিয়ে যায় জার্মান দলটি। তবে যোগ করা সময়ের শেষদিকে গোল করে প্যালেসকে হার থেকে বাঁচান দাইচি কামাদা। ৭৭ মিনিটে অ্যাডাম হোয়াইটন লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় ১০ জন নিয়ে খেলতে হয় প্যালেসকে। তারপরও শেষ মুহূর্তে সমতা ফেরাতে সক্ষম হয় তারা।

এদিকে, টানা চতুর্থ জয়ে ইউরোপা লিগে নিজেদের ধারাবাহিকতা ধরে রেখেছে বোর্নমাউথ। অ্যাওয়ে ম্যাচে স্পার্তা প্রাগকে ৩-১ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের শুরুতে এব্রিমা সিংগাতেহের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে টোবিয়াস গুডালের লাল কার্ডে ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বোর্নমাউথ।

দ্বিতীয়ার্ধে টাইলার অ্যাডামস, এভানিলসন ও রায়ান গোল করে বোর্নমাউথের জয় নিশ্চিত করেন। পিছিয়ে পড়েও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে টানা চতুর্থ জয় তুলে নেয় প্রিমিয়ার লিগের দলটি।

/এনএ 

Logo