×
Logo

খেলাধুলা

২০২৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি বাড়ালেন ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

২০২৯ সাল পর্যন্ত বায়ার্ন মিউনিখের সঙ্গে চুক্তি বাড়ালেন ব্যালন ডি’অরজয়ী হ্যারি কেইন

ব্যালন ডি’অরজয়ী ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইনের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৯ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবটিতে থাকবেন ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক। খবর রয়টার্সের। 

বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে বুন্দেসলিগার ক্লাবটি।

২০২৩ সালে টটেনহ্যাম হটস্পার ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন কেইন। এরপর থেকে জার্মান ক্লাবটির হয়ে দুটি বুন্দেসলিগা শিরোপা, একটি জার্মান কাপ ও দুটি জার্মান সুপার কাপ জিতেছেন তিনি। ২০০১ সালে মাইকেল ওয়েনের পর প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর পুরস্কার জয়ের কৃতিত্বও অর্জন করেছেন এই স্ট্রাইকার।

নতুন চুক্তি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে কেইন বলেন, বায়ার্ন মিউনিখে আমি নিজেকে ঘরের মানুষের মতোই মনে করি। এই ক্লাব, সমর্থক এবং মিউনিখ শহরকে আমি ভালোবাসি। আমাদের দলে অসাধারণ সব খেলোয়াড় রয়েছেন। ভিনসেন্ট কোম্পানিও দারুণ একজন কোচ।

তিনি আরও বলেন, এই ক্লাবের অংশ হতে পেরে আমি গর্বিত। আমার পুরো পরিবার এখানে খুবই ভালো আছে। আমি এখানে থেকে যেতে চেয়েছিলাম। এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে আছি। এই অসাধারণ ক্লাবের হয়ে আরও অনেক শিরোপা জিততে চাই।

এর আগে একাধিকবার ইংল্যান্ডে ফেরার সঙ্গে কেইনের নাম জড়িয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যালান শিয়েরারের সর্বোচ্চ ২৬০ গোলের রেকর্ড থেকে এখনো ৪৭ গোল দূরে রয়েছেন তিনি। তবে গত আগস্টে এই স্ট্রাইকার জানিয়েছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের প্রতি আগের মতো আকর্ষণ অনুভব করেন না তিনি। বর্তমানে জার্মানিতে নিজের ক্যারিয়ার নিয়েই মনোযোগী কেইন।

বায়ার্ন মিউনিখের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়ান-ক্রিশ্চিয়ান ড্রেসেন বলেন, ২০২৩ সালে আমাদের ক্লাবে যোগ দেওয়ার পর থেকে গোল, খেলায় প্রভাব এবং মাঠের ভেতরে ও বাইরে আদর্শ হিসেবে কেইন অসাধারণ সব কীর্তি গড়েছেন। তার চুক্তির মেয়াদ বাড়ানো বায়ার্ন মিউনিখের প্রতি অঙ্গীকারেরই প্রতিফলন। তাঁর সঙ্গে আমাদের এই পথচলার গল্প এখনো অনেক বাকি।

নতুন চুক্তির আর্থিক বিষয়গুলো প্রকাশ করেনি বায়ার্ন কর্তৃপক্ষ। তবে জার্মান সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, কেইনের সঙ্গে করা এই চুক্তি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে বেশি অর্থমূল্যের। ইংল্যান্ড অধিনায়কের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক ধরে রাখার পরিকল্পনার অংশ হিসেবেই এই চুক্তি করা হয়েছে।

বায়ার্নে যোগ দেওয়ার পর প্রতিটি মৌসুমেই বুন্দেসলিগার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কেইন। ২০২৬ সালে জার্মানির বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হন তিনি। এ ছাড়া ইউরোপের শীর্ষ লিগগুলোর সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া ইউরোপিয়ান গোল্ডেন শু পুরস্কার জিতেছেন দুবার। চলতি বছরের বিশ্বকাপে তার নেতৃত্বে তৃতীয় স্থান অর্জন করে ইংল্যান্ড।

/এনএ 

Logo