ব্রাজিলে এক ম্যাচে ৫৩ লাল কার্ডের বিশ্বরেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পিএম
লাল কার্ড দেখার বিশ্বরেকর্ড হলো ব্রাজিলে। ফুটবল ইতিহাসে প্রথমবার এক ম্যাচেই খেলোয়াড়, কর্মকর্তাসহ মোট ৫৩ জনকে বহিষ্কার করেছেন রেফারি।
রোববার মিনাস গেরাইস অঞ্চলে অনূর্ধ্ব-২০ দলের সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় মামোরে ও উবেরলান্দিয়া। মামোরে ৩-১ গোলে এগিয়ে যাওয়ার পর বাকবিতণ্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুই দলের ফুটবলার ও সংশ্লিষ্টরা। এই ঘটনায় প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।
রেফারি ফার্নান্দো প্যাট্রিকের ম্যাচ রিপোর্ট অনুযায়ী, মারামারিতে জড়িয়ে পড়ার পর ৪০ খেলোয়াড় ও আট কর্মকর্তাকে লাল কার্ড দেখানো হয়। ম্যাচ চলাকালে অবশ্য আরও তিনজন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এছাড়া, উবেরলান্দিয়ার পরিচালনা পর্ষদের দুই সদস্যকেও বহিষ্কার করা হয়। সব মিলিয়ে বহিষ্কৃতের সংখ্যা দাঁড়ায় ৫৩।
এর আগে, ২০১১ সালের ফেব্রুয়ারিতে আর্জেন্টিনার পঞ্চম বিভাগের ম্যাচে অ্যাতলেটিকো ক্লাইপোলে ও ভিক্তোরিয়ানো আরেনাসের খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ৩৬ জনকে লাল কার্ড দেখানো হয়েছিল। সেই রেকর্ড ভেঙে এবার গিনেস বইয়ে নতুন বিশ্বরেকর্ড গড়লো ব্রাজিলিয়ান ফুটবলের এ ম্যাচ।
/এএম