×
Logo

খেলাধুলা

ব্যালন ডি’অরের ঝলকানি পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে চোখ হ্যারি কেইনের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম

ব্যালন ডি’অরের ঝলকানি পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগে চোখ হ্যারি কেইনের

ব্যক্তিগত অর্জনের মুকুট উঠেছে মাথায়। তাইতো, এবার অপেক্ষা দলীয় সাফল্যের। ব্যালন ডি'অর জয়ের আনন্দে ভাসলেও হ্যারি কেইনের চোখ এখন চ্যাম্পিয়ন্স লিগ ট্রফিতে। বিশ্বের সেরা খেলোয়াড় হওয়ার স্বীকৃতি পেয়েছেন। আর এবার বায়ার্ন মিউনিখের হয়ে ইউরোপ সেরা হওয়ার স্বপ্ন ইংলিশ অধিনায়কের।

এমবাপ্পে-ইয়ামালের মত তারকা ফুটবলারদের পেছনে ফেলে ব্যালন ডি'অর জিতেছেন 'সুপার কেইন'। কিন্তু ব্যাক্তিগত অর্জনের এই মুকুটও যেন মূল্যহীন দলীয় ট্রফির কাছে। ব্যালন ডি'অর নাকি চ্যাম্পিয়ন্স লিগ: এই দু'টোর মাঝে বেছে নিতে হলে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিকেই বেছে নিয়েছেন এই ইংলিশ গোলমেশিন।

বায়ার্ন মিউনিখের অধিনায়ক হ্যারি কেইন বলেন, ব্যালন ডি’অর অর্জন আমার ক্যারিয়ারের অন্যতম সেরা অনুভূতি। তবে ক্লাবের হয়ে শিরোপা উদযাপন কিংবা বায়ার্নের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অনুভূতি হবে একেবারেই রোমাঞ্চকর। দলগত খেলায় ট্রফিই সবচেয়ে বড় কথা। সতীর্থদের সঙ্গে জেতার যে আবেগ সেটির তুলনা হয় না। দু'টো ট্রফির মধ্যে বেছে নিতে হলে আমি চ্যাম্পিয়ন্স লিগকেই বেছে নেব।

এবারের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল হবে মেট্রোপলিটানো স্টেডিয়ামে। ২০১৯ সালে টটেনহ্যামের হয়ে এই মাঠেই চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে লিভারপুলের কাছে পেয়েছিলেন হারের স্বাদ। অতীতের দুঃখ ভুলে নতুন ইতিহাস লেখার সুযোগ দেখছেন কেইন।

কেইন বলেন, কোনো মাঠে ভালো স্মৃতি থাকে, কোনো মাঠে খারাপ। আশা করি, আমরা এখানে নতুন একটি ভালো স্মৃতি তৈরি করতে পারবো। আগামী সপ্তাহে, ইংল্যান্ডের হয়ে স্পেনের বিপক্ষে এই মাঠেই নামব। আর বছরের শেষে যদি আবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠতে পারি তাহলে পুরোনো সেই তিক্ত স্মৃতি মুছে ফেলার বড় সুযোগ পাব।

ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট এখন কেইনের শোকেসে। কিন্তু আরো বড় এক স্বপ্নকে বাস্তবে রুপ দিতে প্রতিনিয়ত নিজেকে তৈরি করছেন কেইন। 

প্রশ্ন এখন একটাই। ব্যালন ডি'অরের ঝলকানি পেছনে ফেলে চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি কি ছুঁতে পারবেন কেইন? 

সময়ই তা বলে দেবে. . .

/এআই 

Logo