×
Logo

খেলাধুলা

শচিনের যে তিন রেকর্ড নিউজিল্যান্ড সিরিজেই ভেঙে দিতে পারেন কোহলি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পিএম

শচিনের যে তিন রেকর্ড নিউজিল্যান্ড সিরিজেই ভেঙে দিতে পারেন কোহলি

ক্রিকেট কিংবদন্তি শচিন টেন্ডুলকারের তিনটি বড় রেকর্ড ভাঙার সুযোগের সামনে ভিরাট কোহলি। নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে নতুন মাইলফলক গড়তে পারেন ভারতের এই তারকা ব্যাটার।

আগামী ৪ নভেম্বর শুরু হবে ভারত-নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজ। চলবে ১৫ নভেম্বর পর্যন্ত। সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে অকল্যান্ড, ওয়েলিংটন, হ্যামিল্টন ও মাউন্ট মঙ্গানুইতে।

কোহলির সামনে প্রথম সুযোগ লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের করে নেওয়ার। বর্তমানে এই রেকর্ডে শচিন টেন্ডুলকারের সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন কোহলি। দুজনেরই সেঞ্চুরি ৬০টি। নিউজিল্যান্ডের বিপক্ষে একটি শতক করতে পারলেই এককভাবে রেকর্ডটির মালিক হবেন কোহলি।

দ্বিতীয় রেকর্ডটি ওয়ানডেতে রান তাড়া করার ক্ষেত্রে। এ পর্যন্ত ১৭৯ ম্যাচের ১৬৮ ইনিংসে রান তাড়া করতে নেমে কোহলি করেছেন ৮ হাজার ৬৬৭ রান। গড় ৬৬.১৬। এ সময়ে তার ব্যাট থেকে এসেছে ৩০টি সেঞ্চুরি ও ৪৫টি হাফ সেঞ্চুরি। শচিনের ৮ হাজার ৭২০ রান ছাড়িয়ে যেতে কোহলির প্রয়োজন আর মাত্র ৫৪ রান।

তৃতীয় রেকর্ডটি দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চাশোর্ধ্ব ইনিংসের। এই চার দেশের বিপক্ষে শচিন ও কোহলি দুজনেরই পঞ্চাশ বা তার বেশি রানের ইনিংস ১৩৩টি। কোহলি এখন পর্যন্ত ৩২০ ম্যাচে ৪৫টি সেঞ্চুরি ও ৮৮টি হাফ সেঞ্চুরি করেছেন। আর একটি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেই শচিনকে ছাড়িয়ে যাবেন তিনি।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে তাই তিনটি রেকর্ডই নিজের করে নেওয়ার সুযোগ থাকছে কোহলির সামনে। ব্যাট হাতে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে শচিনের একাধিক কীর্তি পেছনে ফেলার সম্ভাবনা রয়েছে ভারতীয় এই তারকার।

/এমএমএইচ

Logo