এমএলএস
মেসির দুর্দান্ত গোল-অ্যাসিস্ট, ইন্টার মায়ামির জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০১:১৯ পিএম
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) লিও মেসির দুর্দান্ত গোলে নিউ ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। স্কোর শিটে নাম তোলার পাশাপাশি ম্যাচে অ্যাসিস্টও করেছেন লিও।
সোমবার (২ নভেম্বর) নিজেদের মাঠ জিলেট স্টেডিয়ামে মায়ামিকে আতিথ্য দেয় নিউ ইংল্যান্ড। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে মায়ামি। ৫৩তম মিনিটে ড্যানিয়েল গাজদাগের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে ১৬ মিনিট পরই মেসির অ্যাসিস্টে সমতায় ফেরে ফ্লোরিডার ক্লাবটি।
ম্যাচের ৬৯ মিনিটে সতীর্থের সঙ্গে বল দেওয়া-নেওয়ার পর বক্সে ঢুকে পড়েন মেসি। এরপর সতীর্থের বাতাসে ভাসানো নিখুঁত ক্রসে হেড করে বল বাড়িয়ে দেন ডান পাশে থাকা জার্মান বারতারামের উদ্দেশে। কাছ থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি তিনি।
এরপর ম্যাচের ৮৩ মিনিটে তিন ডিফেন্ডারের বাধা পেরিয়ে দুর্দান্ত এক গোল করেন মেসি। বক্সের বাইরে দুই ডিফেন্ডার তাকে ঘিরে ধরে বল কেড়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ড্রিবলিংয়ে তাদের সামলে বক্সের সামনে সতীর্থকে পাস দেন মেসি। সতীর্থ বল নিয়ন্ত্রণে নিয়ে ছোট পাসে আবার ফিরিয়ে দেন তার কাছে। এরপর বক্সে ঢুকে বাঁ-পায়ের নিচু শটে গোলরক্ষক টার্নারকে পরাস্ত করেন এই আর্জেন্টাইন তারকা।
এই জয়ে লিগে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইন্টার মায়ামি। ৩৩ ম্যাচ ৫৯ পয়েন্ট তাদের। সমান ম্যাচে নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮। ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ন্যাশভিল। নিয়মিত মৌসুমে আর একটি করে ম্যাচ বাকি দলগুলোর।
আগামী শনিবার (৭ নভেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় শেষ ম্যাচে শার্লট এফসির মুখোমুখি হবে মেসিরা।
/এমএইচআর