যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জরুরি চিকিৎসায় ১ লাখ পাউন্ডেরও বেশি তহবিল সংগ্রহ হামজার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম
মাঠের বাইরে মানবতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন হামজা চৌধুরী। যুদ্ধবিধ্বস্ত গাজার শিশুদের জরুরি চিকিৎসায় বিপুল পরিমাণ তহবিল সংগ্রহ করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের তারকা মিডফিল্ডার।
মূলত সবুজ গালিচায় যেমন লড়াকু, মাঠের বাইরেও ঠিক তেমনি এক মানবিক যোদ্ধা হামজা। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিধ্বস্ত শিশুদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার এবং ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেড অধিনায়ক। 'নুজুম স্পোর্টস'-এর সহযোগিতায় আয়োজিত এক দাতব্য উদ্যোগ থেকে তিনি সংগ্রহ করেছেন ১ লাখ পাউন্ডের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৬৫ লাখ টাকা।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে হামজা জানান, সংগৃহীত এই অর্থের পুরোটাই ব্যয় করা হবে 'চিলড্রেন নট নাম্বারস' নামের একটি সংস্থার মাধ্যমে। মূল লক্ষ্য গাজার যুদ্ধাহত অসুস্থ শিশুদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে বা নিরাপদ স্থানে সরিয়ে নেয়া। তিনি বলেন, গাজার মানুষের অসীম দুর্দশার তুলনায় এই সাহায্য হয়তো খুবই সামান্য, তবে যত ছোটই হোক, প্রতিটি প্রচেষ্টাই পরিবর্তন আনতে পারে।
হামজা মনে করেন, গাজার মানুষের সীমাহীন দুর্ভোগের তুলনায় এই সহায়তা অত্যন্ত অপ্রতুল। তবে তার দৃঢ় বিশ্বাস, ছোট ছোট ইতিবাচক পদক্ষেপও সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম। পোস্টের শেষ পর্যায়ে ফিলিস্তিনের মজলুম মানুষের জন্য বিশেষ দোয়া করেছেন এই খ্যাতিমান ফুটবলার। চলমান কষ্ট লাঘবের পাশাপাশি তিনি ফিলিস্তিনের বুকে স্থায়ী শান্তি ও শক্তি কামনা করেছেন।
মাঠের বাইরে হামজার এই মানবিক উদ্যোগ যখন প্রশংসায় ভাসছে, তখন মাঠের লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৫ই নভেম্বর থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ।
টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তবে ক্লাব ফুটবলের ব্যস্ততার কারণে প্রথম ম্যাচে হামজা চৌধুরীকে পাচ্ছে না দল। ফিফা উইন্ডো শুরু হলে আগামী ৯ই নভেম্বর ঢাকায় এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তিনি।
/এমএইচআর