ডাবলিন বিমানবন্দরে বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ সাঙ্গাকারার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫২ পিএম
আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দরে পরিবারসহ বৈষম্যমূলক আচরণের শিকার হওয়ার অভিযোগ করেছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেট অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আইরিশ বিমান সংস্থা রায়ানএয়ারের গেটকর্মীদের বিরুদ্ধে হুমকিমূলক আচরণের অভিযোগ তুলে এ ঘটনায় হতাশা ও বিস্ময় প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেন সাঙ্গাকারা। Has anyone experienced discriminatory gate personnel @Ryanair in Dublin ? I with my family just did and it was shocking. The tone of address and the mishandling of procedure and threatening behavior. Unacceptable for any passenger. First bad experience in Dublin
এক্সে সাঙ্গাকারা লেখেন, ‘ডাবলিনে রায়ানএয়ারের বৈষম্যমূলক আচরণ করা গেটকর্মীদের অভিজ্ঞতা কি অন্য কারও হয়েছে?’
নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি আরও লেখেন, ‘এইমাত্র পরিবারের সঙ্গে ছিলাম, আর অভিজ্ঞতাটি ছিল বিস্ময়কর। কথা বলার ধরন, নিয়মকানুন পরিচালনায় অসংগতি এবং হুমকিমূলক আচরণ— কোনো যাত্রীর সঙ্গেই এমন আচরণ গ্রহণযোগ্য নয়। ডাবলিনে এটিই আমার প্রথম খারাপ অভিজ্ঞতা।’
তবে বিমানবন্দরের গেটকর্মীদের সঙ্গে ঠিক কী কারণে তার পরিবারের বিরোধ তৈরি হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানাননি ৪৮ বছর বয়সী সাঙ্গাকারা।
একই অভিজ্ঞতার কথা জানালেন আরেক শ্রীলঙ্কান
সাঙ্গাকারার পোস্টের পর প্রতিক্রিয়া জানান শ্রীলঙ্কার আরেক নাগরিক সঞ্জীবা ভিরাওয়ারানা। তিনিও পশ্চিমা দেশগুলোতে একই ধরনের বৈষম্যের অভিজ্ঞতা হয়েছে বলে দাবি করেন।
ভিরাওয়ারানা লেখেন, ‘কুমার, পশ্চিমের প্রতিটি জায়গায় আমি বৈষম্যের শিকার হয়েছি। সেখানে ১৬ বছর বসবাস করেছি, পরবর্তী ২৫ বছর যাতায়াত করেছি। এখন আর নয়।’
প্রয়োজন না হলে পশ্চিমা দেশগুলোতে আর ভ্রমণ করতে চান না বলেও জানান তিনি। জবাবে সাঙ্গাকারা লেখেন, ‘এ ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হলে সত্যিই তা গভীরভাবে নাড়া দেয়।’
এদিকে, প্রতিবেদন লেখা পর্যন্ত সাঙ্গাকারার অভিযোগের বিষয়ে রায়ানএয়ারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শ্রীলঙ্কার সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচিত কুমার সাঙ্গাকারা। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৫৯৪টি ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে তার সংগ্রহ ১২ হাজার ৪০০ রান এবং ওয়ানডেতে ১৪ হাজার ২৩৪ রান।
গত বছর তাকে আবারও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল রাজস্থান রয়্যালসের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত দলটির কোচের দায়িত্ব পালন করেন তিনি। এ সময়ে তাকে ক্রিকেট পরিচালকের দায়িত্বেও উন্নীত করা হয়েছিল।
সাঙ্গাকারার অধীনে ২০২২ সালে আইপিএলের ফাইনালে ওঠে রাজস্থান রয়্যালস। ২০০৮ সালের পর সেটিই ছিল দলটির প্রথম ফাইনাল। তবে শিরোপার লড়াইয়ে গুজরাট টাইটানসের কাছে হেরে যায় রাজস্থান। ২০২৬ সালের আসরে দলটি চতুর্থ স্থান অর্জন করে।
/এনএ