ব্যালন ডি'অর জয়, তবুও সমালোচনার তির থেকে রেহাই নেই হ্যারি কেইনের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, ০২:০৬ পিএম
গোলের পর গোল রেকর্ডের পর রেকর্ড। ব্যক্তিগত পারফরম্যান্সে দুর্দান্ত। ব্যক্তিগত অর্জনের ঝুলিও কানায় কানায় পূর্ণ। কিলিয়ান এমবাপ্পে আর লামিনে ইয়ামালকে পেছনে ফেলে ব্যালন ডি অর জয়ের পরও সমালোচনার তির থেকে রেহাই মিলছে না বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার হ্যারি কেইনের। আর সেই তির ছুড়েছেন সাবেক ফরাসি তারকা সামির নাসরি।
এক মৌসুমে ৭৩ গোল। ক্লাব আর জাতীয় দলের জার্সিতে এমন বিধ্বংসী পারফরম্যান্সের পর হ্যারি কেইনকে ঘিরে প্রত্যাশার পারদ চড়বে, সেটাই স্বাভাবিক। গোলের ক্ষুধা, ফিনিশিং আর আক্রমণভাগে অবদান— সব মিলিয়ে দুর্দান্ত এক মৌসুম কাটিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক। কেইন অসাধারণ গুণসম্পন্ন একজন ফুটবলার হলেও শুধু পরিসংখ্যান দিয়েই সবকিছুর বিচার করা যায় না।
সামির নাসরি বলেন, 'হ্যারি কেইন ব্যালন ডি’অর জিতেছে, ঠিক আছে। পরিসংখ্যানই এখানে পার্থক্য গড়ে দিয়েছে। তার দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে ফুটবলে শুধু পরিসংখ্যান দিয়ে সবকিছুর বিচার করা যায় না। একজন খেলোয়াড়ের আসল প্রভাব বোঝা যায় যখন দলকে সবচেয়ে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনতে হয়।'
ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের সাবেক এই মিডফিল্ডারের মতে কেইনের বড় ম্যাচে প্রভাব বিস্তার করার ক্ষমতা নিয়েই প্রশ্ন রয়েছে। গোল করতে পারা আর দলকে শিরোপার লড়াইয়ে জয় এনে দেওয়া এই দুইয়ের মধ্যে পার্থক্য দেখছেন সামির নাসরি।
সামির আরও বলেন, 'কেইন কখনও এমন খেলোয়াড় ছিলেন না যিনি দলকে ভালো একটা অবস্থানে নিয়ে যাবেন কিংবা বড় ম্যাচ জিতিয়ে দেবেন। তার খেলায় প্রায়ই সামান্য একটা দুর্বলতা থেকে যায়। ব্যক্তিগতভাবে সে অসাধারণ হতে পারে। কিন্তু বড় ম্যাচে দলকে জেতানোর প্রশ্নেই তার সামর্থ্য নিয়ে আলোচনা তৈরি হয়।'
উল্লেখ্য, ব্যালন ডি অরের মুকুট নিশ্চয়ই কেইনের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন। তবে সমালোচকদের মুখ বন্ধ করতে হলে শুধু গোল নয় বড় ম্যাচেও হয়ে উঠতে হবে দলের জয়ের নায়ক।
/এমএইচআর