অভিষেকের বিধ্বংসী সেঞ্চুরিতে সিরিজ জিতলো ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৬, ০৫:০০ পিএম
অভিষেক শর্মার বিধ্বংসী সেঞ্চুরিতে তৃতীয় টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে পাঁচ ম্যাচের সিরিজ দুই ম্যাচ হাতে রেখেই জিতেছে ভারত। ৩৫ বলে সেঞ্চুরি করা অভিষেক খেলেন ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী এক ইনিংস!
ওয়েলিংটনে টসে হেরে আগে ব্যাটিং করতে নেমে নিউজিল্যান্ড তুলেছিল ১৯৮ রান। স্বাগতিকদের পক্ষে ড্যারিল মিচেল অপরাজিত ছিলেন ৮৯ রানের ইনিংস খেলে। তবে সেই রান ১৩.২ ওভারে ৪ উইকেট হারিয়েই পেরিয়ে গেছে ভারত।
রান তাড়ায় ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও বৈভব সূর্যবংশী ওপেনিং জুটিতে রান তুলেছেন ১৩৩, আর সেটা মাত্র ৪৪ বলে। প্রথম ৬ ওভারে ভারত তোলে ১১৮, যা আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতে পূর্ণ সদস্য দেশের সর্বোচ্চ।
এমন ঝড় তোলার মূল নায়ক অভিষেক শর্মা। ৩৫ বলে সেঞ্চুরি করেছেন এই ভারতীয় ওপেনার, যা ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম। এখানে তার সঙ্গী রোহিত শর্মা। ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরিটাও অভিষেকের, গত মাসেই আফগানিস্তানের বিপক্ষে ৩০ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অভিষেক আউট হয়েছেন ৩৮ বলে ১১৩ রান করে। ১১ ছক্কা ও ৯ চারে তিনি যখন আউট হয়েছেন, তখন ভারতের দরকার ১০ ওভারে মাত্র ২১ রান। অভিষেকের এমন পিটুনিতে ১৯ বলে ৪৫ রান করেও আড়ালে পড়ে গেছেন সূর্যবংশী।
/এএম