ডি থ্রি ট্রফির জমজমাট নিলাম
সর্বোচ্চ পয়েন্টে শরিফুল সিটিজেনস ব্যাংকে, তারকাখচিত দল গড়ল ফ্র্যাঞ্চাইজিগুলো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পিএম
ভিন্ন আঙ্গিকে ও অভিনব পয়েন্ট সিস্টেমে অনুষ্ঠিত হয়ে গেল 'ডি থ্রি ট্রফি'র ক্রিকেটারদের নিলাম (অকশন)। অকশন পয়েন্টের ভিত্তিতে নির্ধারিত হয়েছে ক্রিকেটারদের মূল্য ও দলগুলোর স্কোয়াড। নিলামের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে ছিলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম, যিনি সর্বোচ্চ ২ কোটি ৩০ লাখ পয়েন্টে নাম লিখিয়েছেন সিটিজেনস ব্যাংকে। প্রতিযোগিতায় ফরচুন ও সেভেন রিংস সিমেন্ট তারকা বহুল দল গঠন করলেও বেশ ভারসাম্যপূর্ণ স্কোয়াড গড়েছে একমি ও ওয়ালটন।
দলভিত্তিক স্কোয়াড বিশ্লেষণ:
সিটিজেনস ব্যাংক: নিলামের সবচেয়ে দামি ক্রিকেটার শরিফুল ইসলামকে (২ কোটি ৩০ লাখ পয়েন্ট) দলে ভেড়ানোর পাশাপাশি আইকন মোহাম্মদ নাঈম শেখের সাথে জাকের আলী অনিক, জিসান আলম, ইয়াসির আলী, ইরফান শুক্কুর, আজিজুল হাকিম ও স্পিনার হাসান মুরাদের মতো প্রতিশ্রুতিশীল ও কার্যকরী ক্রিকেটারদের নিয়ে দারুণ দল গড়েছে দলটি।
ফরচুন: ব্যাটিং ও অলরাউন্ডার কোটায় সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়েছে ফরচুন। টপ অর্ডারে তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের সাথে মিডল অর্ডারে সাব্বির রহমান এবং আইকন তাওহীদ হৃদয় যুক্ত হয়েছেন। স্পিন আক্রমণে রিশাদ হোসেন ও তানভির ইসলামের পাশাপাশি পেস বিভাগে সাইফউদ্দিন, এবাদত হোসেন এবং আকবর আলী ও কামরুল রাব্বির মতো পরীক্ষিত তারকারা দলটিকে শক্তিশালী করেছে।
সেভেন রিংস সিমেন্ট: অভিজ্ঞতাই দলটির প্রধান শক্তি। আইকন মুশফিকুর রহিমের সাথে সাইফ হাসান, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, সাদমান ইসলাম, মোহাম্মদ মিথুন ও জাকির হাসানের মতো তিন ফরম্যাটের পরীক্ষিত ক্রিকেটারদের নিয়ে একটি আদর্শ দল গঠন করেছে তারা।
ওয়ালটন: একঝাঁক জাতীয় দলের অভিজ্ঞ তারকা নিয়ে দল সাজিয়েছে ওয়ালটন। আইকন মেহেদী হাসান মিরাজের সাথে তাসকিন আহমেদ, লিটন দাস, মুমিনুল হক ও নাসুম আহমেদের পাশাপাশি মারমাল আইয়ুব, রিজওয়ান, রাজা ও রনি তালুকদারের মতো তারকারা দলটিকে করেছে আরও ধারালো।
ব্লুস্টার: নুরুল হাসান সোহানের আইকন নেতৃত্বে পেস ও স্পিনের দারুণ সংমিশ্রণ গড়েছে ব্লুস্টার। দলে রয়েছেন হাসান মাহমুদ, নাহিদ রানা, শেখ মেহেদী, এনামুল হক বিজয়, আফিফ হোসেন, ইফতেখার ইফতি, আবু হায়দার ও মাহমুদুল জয়।
একমি: 'এ' গ্রেডের কোনো তারকা ক্রিকেটার ছাড়াই সবচেয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ার চমক দেখিয়েছে একমি। আইকন মোসাদ্দেক হোসেন সৈকত ও অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের সাথে পারভেজ ইমন, মাহিদুল অঙ্কন, শাহাদাত দিপু ও নাঈম হাসান তো আছেনই, দলের মূল ট্রাম্প কার্ড হতে পারেন দুই মিস্ট্রি স্পিনার আলিস আল ইসলাম ও মোহাম্মদ রুবেল।
/এএ