×
Logo

খেলাধুলা

শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে বিশ্বরেকর্ড

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ১১:০৭ পিএম

শাদাবের সেঞ্চুরিতে পাকিস্তানের অবিশ্বাস্য জয়, শেষ জুটিতে বিশ্বরেকর্ড

জয়ের জন্য প্রয়োজন ২৪২ রান, কিন্তু মাত্র ১৫৪ রান তুলতেই ৯ উইকেট হারিয়ে ধুঁকছিল পাকিস্তান। নিশ্চিত পরাজয়ের মুখে দাঁড়িয়ে লাহোরে যে মহাকাব্যিক নাটকীয়তা লিখলেন শাদাব খান, তা ওয়ানডে ক্রিকেটের ইতিহাসেই বিরল।

শেষ উইকেটে হারিস রউফকে সঙ্গী করে রেকর্ড ৮৯ রানের জুটি গড়ে ইংল্যান্ডের বিপক্ষে ১ উইকেটের অবিশ্বাস্য এক জয় ছিনিয়ে নিয়েছে পাকিস্তান। একই সাথে টানা তিন জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল খেলা নিশ্চিত করেছে স্বাগতিকরা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। তবে আট নম্বরে নেমে পাকিস্তানের জার্সিতে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন অলরাউন্ডার শাদাব খান। তিনি শেষ পর্যন্ত ১১৩ রানে অপরাজিত থাকেন। আন্তর্জাতিক ওডিআই ইতিহাসে আট বা তার নিচে ব্যাটিংয়ে নেমে এটি মাত্র তৃতীয় সেঞ্চুরির রেকর্ড।

ম্যাচে ভাগ্যের ছোঁয়াও পান শাদাব। জয় থেকে ২১ রান দূরে ৯৭ রানে থাকা অবস্থায় এলবিডব্লু আউট দিলে রিভিউ নেন তিনি। আল্ট্রা-এজে সূক্ষ্ম স্পাইক ধরা পড়ায় বেঁচে যান তিনি। এরপর ৯৯ রানে থাকা অবস্থায় হারিস রউফ রানআউট থেকে বেঁচে গেলে চার মেরে কাঙ্ক্ষিত সেঞ্চুরি স্পর্শ করেন শাদাব। গাস অ্যাটকিনসনের ওভারের শেষ বলে ছক্কা মেরে সমীকরণ ১৮ বলে ৩ রানে নামিয়ে আনেন তিনি। পরের ওভারে ইংলিশ পেসার হেনরি ক্রোকম্বকে চার মেরে জয় নিশ্চিত করেন হারিস রউফ (৭*)।

শাদাব ও হারিসের শেষ উইকেটে গড়া ৮৯ রানের জুটিটি ওয়ানডে ইতিহাসে সফল রানতাড়ায় ১০ম উইকেটে সবচেয়ে বড় জুটি। এর আগে ১৯৭৫ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ড্যারিক মারে ও অ্যান্ডি রবার্টসের ৬৪ রানের জুটিটি ছিল সর্বোচ্চ।

এর আগে টসে হেরে ব্যাটে নেমে বেন ডাকেটের ১১১ বলে ১০৫ রানের ওপর ভর করে ২৪১ রান তোলে ইংল্যান্ড। আগের ম্যাচে দ্রুততম ডাবল সেঞ্চুরি করা হ্যারি ব্রুক ১ রানেই শিকার হন শাহিন শাহ আফ্রিদির। শাহিন আফ্রিদি ৪৬ রানে ৪ উইকেট নেন। এই হারের মাধ্যমে তিন ম্যাচের সবকটিতে হেরে ত্রিদেশীয় সিরিজ থেকে বিদায় নিশ্চিত হলো ইংল্যান্ডের।

/এএ 

Logo