×
Logo

খেলাধুলা

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি জার্সিতে খেলছে পাকিস্তান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০২:৪২ পিএম

যে কারণে ইংল্যান্ডের বিপক্ষে গোলাপি জার্সিতে খেলছে পাকিস্তান

চিরচেনা সবুজ জার্সির পরিবর্তে আজ সম্পূর্ণ গোলাপি জার্সিতে মাঠে নেমেছেন পাকিস্তানের ক্রিকেটাররা। রোববার (২৫ অক্টোবর) লাহোরের গাদ্দাফি ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের চতুর্থ ম্যাচে স্তন ক্যানসার সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

অক্টোবর মাস বিশ্বজুড়ে ‘পিংকটোবার’ বা স্তন ক্যানসার সচেতনতা মাস হিসেবে পালিত হয়। এরই অংশ হিসেবে ‘পিংক রিবন পাকিস্তান’-এর সঙ্গে যৌথ সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় এই ম্যাচটিতে গোলাপি রঙের জার্সি পরে অংশ নিয়েছে পাকিস্তানি দল।

এই উদ্যোগের মূল লক্ষ্য নারীদের মধ্যে স্তন ক্যানসার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং রোগটির প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষায় উৎসাহিত করা। কারণ, প্রাথমিক পর্যায়ে ক্যানসার শনাক্ত করা গেলে চিকিৎসার মাধ্যমে রোগীর সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়।

এ ছাড়া, এদিন ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগে গাদ্দাফি স্টেডিয়ামে পিংক রিবন-সংশ্লিষ্ট সচেতনতামূলক কার্যক্রম শুরু হয়। এর মাধ্যমে দর্শকদের সম্পৃক্ত করা এবং রোগটির প্রাথমিক শনাক্তকরণ ও সচেতনতার গুরুত্ব তুলে ধরা হয়।

উল্লেখ্য, এশিয়ার দেশগুলোর মধ্যে পাকিস্তানে স্তন ক্যানসারের হার তুলনামূলকভাবে সর্বোচ্চ। দেশটিতে প্রতিবছর প্রায় ৯০ হাজার মানুষ এই মরণব্যাধিতে আক্রান্ত হন এবং প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যু ঘটে। এই ভয়াল পরিসংখ্যান সম্পর্কে মানুষকে সতর্ক করতেই পিসিবির এই উদ্যোগ।

এর আগে গত বছর রাওয়ালপিন্ডিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচেও একই ধরনের উদ্যোগ নিয়েছিল পাকিস্তান দল। বিশ্ব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের বার্ষিক ‘পিংক ডে’ ওয়ানডে ম্যাচের ঐতিহ্য বেশ জনপ্রিয় হলেও, পিসিবিও এখন তাদের দ্বিপক্ষীয় সিরিজ ও পিএসএলে নিয়মিত এই অনুশীলন করে আসছে।

/এনএ 


Logo