৪৩০ রান তাড়া করে শ্রীলঙ্কার অবিশ্বাস্য জয়, ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৫ পিএম
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ইংল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। ইংলিশদের গড়া ৪২৯ রানের বিশাল লক্ষ্য ১ বল ও ২ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে লঙ্কানরা। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড।
রাওয়ালপিন্ডিতে ম্যাচের শুরুতে ব্যাট হাতে রেকর্ডের পর রেকর্ড গড়েন ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি পূর্ণ করে শুভমান গিলকে ছাড়িয়ে ওয়ানডে ক্রিকেটে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েন তিনি। শেষ পর্যন্ত ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১১৬ বলে ২০২ রান করেন ব্রুক। তার ইনিংসে ছিল ২২টি চার ও ৯টি ছক্কা।
এছাড়া জো রুটের ৬৯ ও উইল জ্যাকসের ৬৬ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৫০ ওভারে ৪২৯ রানের বিশাল সংগ্রহ পায় ইংল্যান্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। ২৪ রানের মধ্যেই ২ উইকেট হারায় দলটি। তবে এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ায় লঙ্কানরা। সেঞ্চুরি থেকে মাত্র ৩ রান দূরে থাকতে আউট হন আভিষ্কা ফার্নান্দো। ৯৭ রান করে সাজঘরে ফেরেন দাসুন শানাকাও।
তবে একপ্রান্ত আগলে রেখে দুর্দান্ত ব্যাটিং করেন পাভান রত্নায়েকে। তার ১৩০ রানের ইনিংসে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে শ্রীলঙ্কা। শেষ দিকে জেনিথ লিয়াঙ্গের বিধ্বংসী ব্যাটিংয়ে ম্যাচের নাটকীয়তা আরও বাড়ে। মাত্র ২৭ বলে ৬১ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
শেষ পর্যন্ত ১ বল হাতে রেখেই ২ উইকেটের অবিশ্বাস্য জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। ব্রুকের রেকর্ডময় ডাবল সেঞ্চুরি আর ইংল্যান্ডের বিশাল সংগ্রহ—সবকিছুকে ছাপিয়ে ম্যাচের নায়ক হয়ে ওঠে লঙ্কানদের অবিশ্বাস্য রান তাড়া।
/এসআইএন