×
Logo

খেলাধুলা

গোধূলি লগ্নে অ্যান্ডারসনের পেশাদার ক্যারিয়ার, না বলে দিলো ল্যাঙ্কাশায়ারও

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ০২:৩১ পিএম

গোধূলি লগ্নে অ্যান্ডারসনের পেশাদার ক্যারিয়ার, না বলে দিলো ল্যাঙ্কাশায়ারও

পৃথিবীতে সবকিছুরই তো একটা শেষ আছে। দ্য গ্রেট ব্র্যাডম্যান থেকে শচীন, কিংবা ওয়ার্ন-মুরালি— সময়ের পাঠ চুকিয়ে ক্রিকেটের সবুজ গালিচা থেকে বিদায় নিয়েছেন তারা। এবার সেই তালিকায় হয়ত যুক্ত হতে যাচ্ছেন কিংবদন্তি ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন। আন্তর্জাতিক ক্রিকেটকে তো অনেক আগেই বিদায় বলেছেন নাইট উপাধি পাওয়া স্যার অ্যান্ডারসন। চালিয়ে যাচ্ছিলেন ঘরোয়া ক্রিকেট। এবার প্রথম শ্রেনির ক্রিকেটকে তথা পেশাদার ক্রিকেট ক্যারিয়ার থেকেই অ্যান্ডারসনের 'বিদায়' শোনার শঙ্কায় ভক্তরা। তবে এর নেপথ্যে কী?

একাধিক ব্রিটিশ ও মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যমের খবর— অ্যান্ডারসনের বর্তমান ক্লাব ল্যাঙ্কাশায়ার ২০২৭ মৌসুমের জন্য তাকে নতুন চুক্তির প্রস্তাব দেবে না। এতে পেশাদার ক্যারিয়ারের ইতি টানতে পারেন অ্যান্ডারসন।

সবশেষ মৌসুমে কাউন্টি চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় বিভাগে ১৭ গড়ে ৫০ উইকেট নিয়েছেন অ্যান্ডারসন। ওই বিভাগে এক মৌসুমে অন্তত ৫০ উইকেট পাওয়া সাতজন বোলারের একজন তিনি।

তাই এমন পারফরম্যান্সের পরও নতুন চুক্তিতে না আসার বিষয়টি প্রকাশ্যে আসার পর তার ভবিষ্যৎ নিয়ে তুলছে বড় প্রশ্ন। ল্যাঙ্কাশায়ারের হয়ে তার অভিষেক হয়েছিল ২০০২ সালের মে মাসে।

সম্প্রতি ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও নতুন প্রধান নির্বাহী (সিইও) রিচার্ড কেনিয়ন অ্যান্ডারসনের সঙ্গে বৈঠক করেন। ফারব্রেস আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেবেন আগামী ১ নভেম্বর।

অ্যান্ডারসনের সঙ্গে বৈঠকে ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এই হবু কর্তারা। জানানো হয় পরিকল্পনায় অ্যান্ডারসনের জন্য নতুন চুক্তির জায়গা নেই। তাকে ছাড়াই নতুন করে শুরু করতে চায় ল্যাঙ্কাশায়ার।

উল্লেখ্য, ২০০২ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় অ্যান্ডারসনের। তার মোট উইকেট সংখ্যা ১ হাজার ১৯৩টি, যার মাঝে ৭০৪টি উইকেট টেস্ট ক্রিকেটে। এই মুহূর্তে ল্যাঙ্কাশায়ারের হয়ে অ্যান্ডারসনের ভবিষ্যৎ অনিশ্চিত। অন্য কোনো কাউন্টি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে খেলা চালিয়ে যাবেন, নাকি এখানেই থামবেন, তা এখনো জানা যায়নি। তবে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়ায় তার বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষ অধ্যায় যে সামনে চলে এসেছে, তা অনেকটাই অনুমেয়।

/এমএইচআর

Logo