পিএসজি সমর্থকদের বিতর্কিত ব্যানার, উয়েফায় বার্সেলোনার অভিযোগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:২৬ এএম
মাঠে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) কাছে হারের পর এবার মাঠের বাইরের ঘটনা নিয়ে সরব হয়েছে বার্সেলোনা। চ্যাম্পিয়নস লিগের ম্যাচের আগে পিএসজি সমর্থকদের প্রদর্শিত একটি বিতর্কিত ব্যানারের বিরুদ্ধে উয়েফায় অভিযোগ জানিয়েছে কাতালান ক্লাবটি।
ব্যানারে দেখা যায়, পিএসজির জার্সি পরা এক মুখোশধারী ব্যক্তি করাত দিয়ে কাটছেন বার্সেলোনার ব্যাজ। নিচে লেখা ছিল, ‘ম্যাসাকার, প্যারিসিয়ান স্টাইল’।
বার্সেলোনার অভিযোগ— এমন চিত্র খেলাধুলায় সহিংসতা ও ঘৃণা উসকে দেয় এবং ফুটবলের আদর্শের পরিপন্থি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপের তথ্য অনুযায়ী ব্যানারটি প্রদর্শনের অনুমতি দিয়েছিল পিএসজি কর্তৃপক্ষ।
নিয়ম অনুযায়ী খেলাধুলার পরিবেশের সঙ্গে মানানসই নয় এমন উসকানিমূলক বার্তা, অঙ্গভঙ্গি, শব্দ, বস্তু বা অন্য যেকোনো মাধ্যমেরই হোক না কেনো, প্রদর্শন করলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়। প্রথমবার এমন অপরাধের জন্য ১০ হাজার ইউরো পর্যন্ত জরিমানা হতে পারে।
উল্লেখ্য, মাঠের লড়াইয়ে বার্সেলোনাকে ৪-২ গোলে হারায় পিএসজি। দুইবার পিছিয়ে পড়েও সমতা ফিরিয়েছিল হান্সি ফ্লিকের দল। তবে শেষ দিকে আরও দুটি গোল হজম করে মৌসুমের প্রথম পরাজয়ের স্বাদ পায় কাতালানরা। ম্যাচের ফল ছাপিয়ে এবার আলোচনায় উঠে এসেছে প্যারিসের গ্যালারির বিতর্কিত সেই ব্যানার।
/এমএইচআর