×
Logo

খেলাধুলা

আবারও ব্যাটিংয়ে ভরাডুবি, ১৬০ রানে থামল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০৯:২৪ পিএম

আবারও ব্যাটিংয়ে ভরাডুবি, ১৬০ রানে থামল বাংলাদেশ

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠতে হলে কেবল জিতলেই হবে না, আফগানিস্তানের বিপক্ষে জয়ের ব্যবধান রাখতে হবে অন্তত ৪১ রানের। এমন কঠিন সমীকরণে ম্যাচে ব্যাটিংয়ে ভরাডুবি ঘটল বাংলাদেশের। আগের ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে ১৭২ রানে গুটিয়ে যাওয়া দলটি এবার থামল ১৬০ রানে।

বুধবার (২১ অক্টোবর) শারজাহতে টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ, খেলতে পারে ৪১.২ ওভার। চোটে পড়া নিয়মিত অধিনায়ক লিটন দাসের বদলি হিসেবে সিরিজে ডাক পাওয়া ইমনই কেবল এই ম্যাচে বাংলাদেশের ব্যাটিংয়ে সান্ত্বনা। তিনি আর সাইফ হাসান ছাড়া কেউই ব্যাটিংয়ে পথ দেখাতে পারেননি। দ্বিতীয় ওভারে জোড়া উইকেটে শুরু, মাঝে এবং শেষেও একই দৃশ্যের মঞ্চায়ন। পঞ্চম উইকেট জুটিটাই কেবল বাংলাদেশকে আশা দেখিয়েছে। সাইফ হাসান ও ইমন মিলে গড়েন ৯৩ রানের জুটি। এর বাইরে কেবলই হতাশা!

বাংলাদেশের পক্ষে ইমন ৯৬ বলে সর্বোচ্চ ৭০ এবং সাইফ ৮২ বলে ৪১ রান করেছেন। এছাড়া নাজমুল হোসেন শান্তর ১৫ রানের বাইরে আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। ডাক নিয়ে ফিরেছেন চার ব্যাটার।

৩১ রানে ৪ উইকেট নিয়ে আফগানিস্তানের সফলতম বোলার রাশিদ। দুটি করে উইকেট নেন ইয়ামিন আহমাদজাই ও আজমাতউল্লহ ওমারজাই।

/এমএন

Logo