ত্রিদেশীয় সিরিজ
ফাইনালে ওঠার লড়াইয়ে আফগানিস্তানের মুখোমুখি বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ০২:০২ পিএম
সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে টিকে থাকার লড়াইয়ে আজ আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে বড় ব্যবধানে হেরে যাওয়ায় টাইগারদের সামনে সমীকরণ এখন বেশ কঠিন।
বুধবার (২১ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় গ্রুপ পর্বের এই বাঁচা-মরার গুরুত্বপূর্ণ ম্যাচটি অনুষ্ঠিত হবে।
আসরের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বিশাল ব্যবধানে পরাজিত করে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান শক্ত করেছে আফগানিস্তান। বর্তমানে +৩.১৬০ নেট রান রেট নিয়ে তারা বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে।
অন্যদিকে, জিম্বাবুয়ে এক জয় ও এক হারে -০.৫৯০ নেট রান রেট নিয়ে দ্বিতীয় এবং নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরে -১.৯৮০ নেট রান রেট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ।
সিরিজের ফাইনালে ওঠার আশা বাঁচিয়ে রাখতে হলে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচে কেবল জয় পেলেই চলবে না, সঙ্গে মেলাতে হবে নেট রান রেটের কঠিন সমীকরণও। দলীয় হিসাব অনুযায়ী, বাংলাদেশ যদি প্রথমে ব্যাটিং করে, তবে অন্তত ৪১ রানের ব্যবধানে জয় তুলে নিতে হবে।
আর রান তাড়ায় নামলে লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করে জয়ের সময়সীমা নির্ধারিত হবে। সমীকরণ বলছে, ২০০ রানের লক্ষ্য পেলে তা ৪০.২ ওভারের মধ্যে, ২২০ রান হলে ৪০.৫ ওভারের মধ্যে, ২৪০ রান হলে ৪১.১ ওভারের মধ্যে এবং ২৫০ রানের লক্ষ্য পেলে তা ৪১.৩ ওভারের মধ্যে টপকাতে হবে বাংলাদেশকে। এছাড়া ২৬০ রানের লক্ষ্য হলে ৪১.৪ ওভার, ২৭০ রান হলে ৪১.৫ ওভার, ২৮০ রান হলে ৪২ ওভার এবং ৩০০ রানের লক্ষ্য পেলে তা ৪২.২ ওভারের মধ্যে সফলভাবে তাড়া করে জয় নিশ্চিত করতে হবে টাইগারদের।
ওয়ানডে ক্রিকেটে এখন পর্যন্ত ২২ বার একে অপরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও আফগানিস্তান। যেখানে উভয় দলই সমান ১১টি করে ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে।
/এমএইচআর