ইএসপিএনের প্রতিবেদন
ফিফাকে ৪২ প্রশ্নের জবাব দিতে উয়েফার আল্টিমেটাম
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পিএম
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফাকে ঘিরে নতুন করে বিতর্ক। এবার সরাসরি ৪২টি প্রশ্নের উত্তর চেয়ে চিঠি দিয়েছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। ফিফার শাসনব্যবস্থা, আর্থিক পরিকল্পনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি।
ইএসপিএনের প্রতিবেদন অনুযায়ী, ১৯ অক্টোবর ফিফার মহাসচিব ম্যাথিয়াস গ্রাফস্ট্রমকে চিঠিটি পাঠান উয়েফার সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিডিস। এতে ফিফার ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্প এবং সংস্থাটির প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে গুরুতর উদ্বেগের কথা তুলে ধরা হয়।
বিতর্কের কেন্দ্রে রয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর একটি পরিকল্পনা। বিশ্বকাপের আংশিক স্বত্ব বিক্রি করে প্রায় ২০ বিলিয়ন ডলার সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন তিনি। এ ক্ষেত্রে মার্কিন বিনিয়োগ প্রতিষ্ঠান থ্রাইভ ক্যাপিটালকে একচেটিয়া অধিকার দেয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে উয়েফা। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন জশ কুশনার, যিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের ভাই।
উয়েফার অভিযোগ, ফিফা কাউন্সিলের সঙ্গে যথাযথ আলোচনা ছাড়াই গুরুত্বপূর্ণ এই উদ্যোগ নেয়ার চেষ্টা করা হয়েছিল। যদিও এফএফই পরিকল্পনা আর এগোবে না- ফিফার এমন আশ্বাসের পর প্রতিযোগিতা বয়কটের হুমকি প্রত্যাহার করে নেয় উয়েফা, তবে সিদ্ধান্ত গ্রহণের পুরো প্রক্রিয়া সম্পর্কে ব্যাখ্যা চাওয়া অব্যাহত রেখেছে তারা।
শুধু আর্থিক পরিকল্পনাই নয়, ২০২৬ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগনের লাল কার্ড বাতিলের প্রক্রিয়া নিয়েও জানতে চায় উয়েফা। এ ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইনফান্তিনোর ফোনালাপে কী আলোচনা হয়েছিল, সে বিষয়েও প্রশ্ন রয়েছে চিঠিতে।
চিঠিতে উয়েফার সাধারণ সম্পাদক উল্লেখ করেন, কাউন্সিল সদস্যদের তোলা বেশ কয়েকটি মৌলিক প্রশ্নের সন্তোষজনক উত্তর এখনো পাওয়া যায়নি। পাশাপাশি অনুরোধ করা তথ্য ও নথিপত্রও সরবরাহ করা হয়নি। উয়েফার দাবি, এফএফই প্রকল্প প্রত্যাহার, ভুল স্বীকার কিংবা সম্ভাব্য প্রশাসনিক সংস্কারের ঘোষণা দিলেই বিতর্কের অবসান হয় না। বরং সংশ্লিষ্ট সিদ্ধান্তগুলো কীভাবে নেওয়া হয়েছিল এবং কেন ফিফা কাউন্সিলকে যথাযথভাবে সম্পৃক্ত করা হয়নি, তার স্পষ্ট ব্যাখ্যা প্রয়োজন।
চিঠিতে প্রতিটি প্রশ্নের বিস্তারিত লিখিত উত্তর এবং সব সহায়ক নথিপত্র আগামী ২ নভেম্বরের মধ্যে জমা দিতে ফিফাকে অনুরোধ জানানো হয়েছে। সব মিলিয়ে, ইনফান্তিনোর নেতৃত্ব ও ফিফার প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে উয়েফার অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠেছে। ২০২৭ সালের মার্চে ফিফা সভাপতির পুনর্নির্বাচনের প্রচেষ্টার প্রেক্ষাপটেও এই বিরোধ নতুন মাত্রা পেতে পারে।
/এমএইচআর