যে সমীকরণে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যেতে পারে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পিএম
বাংলাদেশ ক্রিকেট আর সমীকরণ যেন এক সূত্রে গাঁথা। প্রতিটা টুর্নামেন্টেই যেন হিসেবে মেলাতে ব্যস্ত থাকেন টাইগার সমর্থকরা। আবুধাবিতে ত্রিদেশীয় সিরিজেও কঠিন সমীকরণে মারপ্যাচে দাঁড়িয়ে লাল-সবুজের দল।
জিম্বাবুয়ের বিপক্ষে ৯৯ রানে হারের পর এখন ফাইনাল খেলার পথটা কঠিন হয়েছে টাইগারদের। তবে দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে এখন আছে এক সমীকরণ।
বাংলাদেশ যদি আগে ব্যাটিংয়ের সুযোগ পায়, তবে আফগানিস্তানকে কমপক্ষে ৪১ রানে হারাতে পারলেই উঠে যাবে ফাইনালে; বাদ পড়বে জিম্বাবুয়ে। তবে পরে ব্যাট করলে আসবে ভিন্ন হিসেব।
আফগানিস্তান যদি আগে ব্যাট করে ৩০১ রানের টার্গেট দেয়, তখন বাংলাদেশকে সেই লক্ষ্য তাড়া করতে হবে ৪২.২ ওভারের মধ্যে। আবার আফগানরা যদি ২৫১ রানের লক্ষ্য দেয়, তবে ফাইনালে উঠতে বাংলাদেশকে জিততে হবে ৪১.৩ ওভারের মধ্যে। আর ১০১ রানের লক্ষ্য দিলে তা পেরোতে হবে ৩৭.২ ওভারের মধ্যে। তাতে জিম্বাবুয়েকে রান রেটে পেছনে ফেলে ফাইনালে উঠবে বাংলাদেশ।
অর্থাৎ আফগানিস্তানের দেয়া টার্গেট অনুযায়ী ওভার সংখ্যা কমবেশ হবে। তবে এই শর্তমতে জিততে না পারলে ফাইনাল খেলবে জিম্বাবুয়ে ও আফগানিস্তান।
আবুধাবিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে টসটাও বড় ফ্যাক্টর। দুই ম্যাচেই জিতেছে আগে ব্যাট করা দল। কন্ডিশনটা ম্যাচে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে, তা হলফ করেই বলা যায়। তবে যে সমীকরণ, তাতে প্রথমে ব্যাট করে বড় সংগ্রহ করতে পারলে টাইগারদের জয়ের সম্ভাবনাটাও বেশি থাকবে। কিন্তু জিম্বাবুয়েকে স্রেফ উড়িয়ে দেয়া আফগানদের হারানোর চ্যালেঞ্জটা বাংলাদেশের জন্য কত সহজ হবে, সেটাই এখন বড় প্রশ্ন!
বর্তমানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা আফগানিস্তানের নেট রানরেট +৩.১৬০। অন্যদিকে জিম্বাবুয়ের নেট রানরেট -০.৫৯০ এবং বাংলাদেশের নেট রানরেট -১.৯৮০। ফলে মাঠে নিজেদের উজাড় করে দেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই তানজিদ-তাসকিনদের সামনে।
/এএম