×
Logo

খেলাধুলা

আর্জেন্টিনার কাছে হেরে রেফারিং নিয়ে ক্ষোভ, মিসরের কোচসহ নিষিদ্ধ তিনজন

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পিএম

আর্জেন্টিনার কাছে হেরে রেফারিং নিয়ে ক্ষোভ, মিসরের কোচসহ নিষিদ্ধ তিনজন

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার কাছে ৩-২ গোলে হেরে শেষ ষোলো থেকে বিদায় নেয় মিসর। সেই ম্যাচে রেফারির দিকে আঙুল তুলে এবার নিষেধাজ্ঞা পেলো কোচ-খেলোয়াড়সহ মিসরের তিনজন।

বিশ্বকাপের ম্যাচটিতে মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। শেষ দিকে ১৪ মিনিটের ব্যবধানে তিন গোল করে জয় তুলে নেয় আলবিসেলেস্তেরা। সেই ম্যাচে রেফারির বিতর্কিত সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন মিসরের কোচ হোসাম হাসান ও ফুটবলার মোস্তাফা জিকো। এবার এই দুজনকেই শাস্তি দিলো ফিফা।

সোমবার মিসর ফুটবল অ্যাসোসিয়েশন (ইএফএ) এক বিবৃতিতে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছে। তবে ফিফার শৃঙ্খলা কমিটির সিদ্ধান্তের বিস্তারিত কারণ জানতে চেয়ে আবেদন করেছে সংস্থাটি।

ম্যাচ পরবর্তী সাক্ষাৎকারে রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের দিকে আঙ্গুল তোলায় জিকোকে পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। একই ঘটনায় মিসরের কোচ হোসাম হাসানকে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে।

এছাড়া, মিসরের জাতীয় দলের পরিচালক ও হোসামের যমজ ভাই ইব্রাহিম হাসানকেও তিন ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

/এএম

Logo