×
Logo

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজ

আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বিশাল হার জিম্বাবুয়ের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ অক্টোবর ২০২৬, ০১:৫৮ এএম

আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বিশাল হার জিম্বাবুয়ের

ত্রিদেশীয় সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়েকে ১৫৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে আফগানিস্তান। রশিদ-নবিদের দেওয়া ২৯৫ রানের টার্গেটে মাত্র ১৩৬ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এতে সিরিজের ফাইনাল খেলতে কঠিন হিসাবের সামনে পড়তে হবে বাংলাদেশকে। নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানদের বড় ব্যবধানে হারানোর পাশাপাশি থাকবে জটিল সমীকরণও।

সোমবার (১৯ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানরা।

ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রানের সংগ্রহ পায় আফগানিস্তান। ২৫ রান করে আউট হোন রাহমানউল্লাহ গুরবাজ। এরপর ১৪০ রানের জুটিতে দলের বড় সংগ্রহের ভিত গড়ে দেন ইব্রাহীম জাদরান ও সেদিকুল্লাহ অতল।

জাদরান ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করলেও সে ভুল করেননি অতল। তুলে নেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতক। মাঝে হাশমতউল্লাহ শাহিদি ২৮ রান করলেও বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে। শেষ পর্যন্ত ২৯৪ রানে থামে আফগানদের ইনিংস।

জবাবে ৪৩ রানে টপ অর্ডারের ৪ ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে দলকে টেনে তোলার চেষ্টা সিকান্দার রাজা ও রায়ান বার্লের। ৪৮ রান করে সাজঘরে ফেরেন রাজা। আর ৩১ রানে আউট হন রায়ান। ২৯ রানে শেষ ৬ উইকেট হারায় দলটি। ৪ উইকেট নেন রশিদ খান।

/এমএইচআর

Logo