আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ বাবরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৯ পিএম
আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর আজম। পাকিস্তানের পঞ্চম ব্যাটার হিসেবে এই কীর্তি গড়েছেন তিনি। চলমান ত্রিদেশীয় সিরিজের প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এই রেকর্ড গড়েন তিনি।
ম্যাচের আগে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রান পূর্ণ করতে তার প্রয়োজন ছিল মাত্র ৭ রান। দ্রুতই সেই রান তুলে নেন ৩২ বছর বয়সী এই ব্যাটার।
তিন সংস্করণ মিলিয়ে ৩৯৯ ইনিংসে ১৬ হাজার রান পূর্ণ করেছেন বাবর। বাবর ছাড়া পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজারের বেশি রান করেছেন ইনজামাম-উল-হক, ইউনিস খান, মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াদাদ।
এই মাইলফলকে পৌঁছাতে তার চেয়ে কম ইনিংস লেগেছে কেবল মোহাম্মদ ইউসুফ ও জাভেদ মিয়াদাদের। ইউসুফের লেগেছিল ৩৮৮ ইনিংস, মিয়াদাদের ৩৯৮ ইনিংস।
/এমএইচআর