×
Logo

খেলাধুলা

ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ীর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ০৬:০৩ পিএম

ইতিহাসের সেরা ব্যালন ডি’অরজয়ীর ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো

দীর্ঘ ২ দশকেরও বেশি সময় ধরে ফুটবল বিশ্বকে মাতিয়ে রেখেছেন লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। রেকর্ড, গোল আর ব্যক্তিগত পুরস্কারে দুজনেরই ঝুলিতে রয়েছে অসংখ্য অর্জন। কিন্তু এবার লড়াইটা তাদের ক্যারিয়ার নিয়ে নয়, বরং ব্যালন ডি’অরজয়ী সেরা মৌসুম বেছে নেয়ার। যার নাম দেয়া হয়েছে ব্যালন ডি’অর অব অল টাইম।

পুরস্কারটির আনুষ্ঠানিক ওয়েবসাইটে চলছে এই ব্যতিক্রমী ভোটাভুটি। তালিকায় মেসি-রোনালদোর পাশাপাশি রয়েছেন রোনালদো নাজারিও, ইয়োহান ক্রুইফ, ফ্রাঞ্জ বেকেনবাওয়ারসহ ফুটবল ইতিহাসের আরও সাত কিংবদন্তি।

তবে ভোটের মাঠে আপাতত একচ্ছত্র আধিপত্য সিআর সেভেনের। ১৮ অক্টোবর প্রকাশিত হিসাব অনুযায়ী রোনালদোর ২০০৮ সালের ব্যালন ডি’অরজয়ী মৌসুম পেয়েছে মোট ভোটের ৬২ শতাংশ। সেবার ম্যানইউর হয়ে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পাশাপাশি জেতেন প্রথম ব্যালন ডি'অর।

বিপরীতে মেসির ২০১২ সালের ঐতিহাসিক মৌসুমের ঝুলিতে মাত্র ১৩ শতাংশ ভোট। গোলের পর গোল করে ইতিহাস লিখেছিলেন মেসি। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৬৯ ম্যাচে ৯১ গোল। এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ গোলের সেই রেকর্ড আজও অক্ষত। জিতেছিলেন টানা চতুর্থ ব্যালন ডি’অর। আর ৯ শতাংশ ভোট নিয়ে তৃতীয় স্থানে মেসির ২০২৩ সালের মৌসুম।

কিন্তু এই ভোটাভোটিতে রয়েছে টুইস্ট। এই ভোটে প্রতিবার অংশ নিতে খরচ করতে হচ্ছে এক ইউরো। চাইলে একই মৌসুমে বারবার ভোট দেওয়া যায়। তবে প্রতিবারই দিতে হবে টাকা।

একইসঙ্গে মিলছে বিশেষ ডিজিটাল ছবি ডাউনলোডের সুযোগ এবং লটারিতে ২০২৭ সালের ব্যালন ডি’অর অনুষ্ঠানের দুটি টিকিট জেতার সম্ভাবনা। ভোট চলবে ২৭ অক্টোবর পর্যন্ত, আর চূড়ান্ত ফল প্রকাশ ২৮ অক্টোবর। ভোটের শেষ দিকে রোনালদোর এগিয়ে থাকার ব্যবধান কমে কি না, নাকি মেসির কোনো মৌসুম ঘুরে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।

/এমএইচআর

Logo