পিছিয়ে পড়েও স্ট্রাসবার্গকে ৩-১ গোলে হারাল পিএসজি, লিগ ওয়ানের শীর্ষে এনরিকের দল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩৬ এএম
চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটিকে ৪-২ গোলে উড়িয়ে আসার আত্মবিশ্বাস নিয়ে ফরাসি লিগ ওয়ানেও জয়রথ সচল রাখল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। শনিবার (১৭ অক্টোবর) স্ট্রাসবার্গের ঘরের মাঠে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের দুর্দান্ত প্রত্যাবর্তনে ৩-১ গোলের জয় তুলে নিয়েছে লুইস এনরিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাদের টানা ষষ্ঠ জয়। এই জয়ে লিগের অন্য প্রতিদ্বন্দ্বীদের ম্যাচের আগেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে প্যারিসের ক্লাবটি।
চ্যাম্পিয়ন্স লিগের ক্লান্তির কথা মাথায় রেখে শুরুর একাদশে ৮টি বড় পরিবর্তন এনে দল সাজিয়েছিলেন পিএসজি বস এনরিকে। নিয়মিত একাদশের অনেককে ছাড়া মাঠে নেমে শুরুতেই হোঁচট খায় অতিথিরা। জিওভান্নি রেইনার নেওয়া একটি ডিফ্লেক্টেড শট জালে জড়ালে প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে যায় স্ট্রাসবার্গ।
দ্বিতীয়ার্ধে দলের পাঁচ তারকা খেলোয়াড়কে মাঠে নামান এনরিকে। এরপর পাল্টাতে শুরু করে ম্যাচের চিত্র। উসমান দেম্বেলের ক্রস থেকে গোল করে পিএসজিকে সমতায় ফেরান ইলিয়া জাবারনি।
এরপর পেনাল্টি পেয়েও ব্যবধান বাড়াতে ব্যর্থ হয় পিএসজি। স্পট-কিক থেকে বল পোস্টের বাইরে মেরে সুবর্ণ সুযোগ নষ্ট করেন ডেম্বেলে।
তবে সেই ভুলের প্রায়শ্চিত্ত করতে বেশি সময় নেননি এই ফরাসি ফরোয়ার্ড। ম্যাচের ৮৫তম মিনিটে ১৬ গজ দূর থেকে জোরালো এক নিচু শটে বল জালে জড়িয়ে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে নেন তিনি।
ম্যাচের যোগ করা অতিরিক্ত সময়ে তোরেসের পাস নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত ফিনিশিংয়ে স্কোরলাইন ৩-১ করেন দেজিরে দুয়ে।
লিগে প্রথম তিন ম্যাচ শেষে ১৩তম স্থানে থাকা পিএসজি এই জয়ে উঠে এসেছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
/এনএ