×
Logo

খেলাধুলা

ত্রিদেশীয় সিরিজ

জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ, ৯৯ রানে হেরেছে শান্ত-হৃদয়রা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৫ এএম

জিম্বাবুয়ের কাছে অসহায় আত্মসমর্পণ, ৯৯ রানে হেরেছে শান্ত-হৃদয়রা

ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৯৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে জিম্বাবুয়ে। রোডেশিয়ানদের দেওয়া ২৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৭২ রানেই গুটিয়ে যায় তাওহীদ হৃদয়ের দল।

শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফ্রিকার দলটি।

নির্ধারিত রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তানজিদ তামিমের ব্যাটে দারুণ শুরুই করেছিলো বাংলাদেশ। ওপেনিং জুটিতেই আসে ৪৭ রান। এরপর রাতের আলো বাড়ার সাথে সাথে পালটে যায় দৃশ্যপট।

জিম্বাবুয়ের বোলারদের সামনে রীতিমতো আসা যাওয়ার মিছিলে নামে টাইগার ব্যাটাররা। ৯ রানে সৌম্য থেকে শুরু তামিম, শান্ত, হৃদয়, মোসাদ্দেক, সাইফরা সাজঘরে ফিরেছেন নিয়মিত বিরতিতে।

এতে ১২৯ রানে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় টাইগাররা। তামিমের ব্যাটে আসে সর্বোচ্চ ৪৬ রান। ম্যাচের ফলাফল তখন স্রেফ আনুষ্ঠানিকতা। শেষ পর্যন্ত ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের ৫ ব্যাটার বিদায় নেন এক অঙ্কের রানে।

জিম্বাবুয়ের হয়ে ৪৫ রানে ৪ উইকেট তুলে নেন ব্রড ইভান্স। ২টি করে উইকেট পান সিকান্দার রাজা ও মাসাকাদজা।

এর আগে, টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার করা প্রথম ওভারের শেষ বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ওপেনার ব্রায়ান ব্রেনেট।

পঞ্চম ওভারের প্রথম বলে তাসকিন তুলে নেন বেন কারানকে। ব্যক্তিগত ৬ ও দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন এ ব্যাটার।

নতুন ব্যাটার তাফাদজওয়া সিগাও দায়িত্ব সামলাতে পারেননি। তাসকিনের তৃতীয় শিকার এ ব্যাটার আউট হওয়ার আগে খেলেন ১৫ বলে ১৬ রানের ইনিংস।

এরপর ক্রেইগ আরভিনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলানোর দায়িত্ব নেন ব্রেন্ডন টেলর। দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮১ ও ৯৩ রান।

বাকিদের মধ্যে কেউই পেরোতে পারেননি ৩০ রানের কোটা। অধিনায়ক সিকান্দার রাজা বিদায় নেন ৪ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭১ রানে থামে জিম্বাবুয়ে।

বাংলাদেশের পক্ষে ৪৪ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন তাসকিন। এছড়া ২টি করে উইকেট পান শরীফুল ইসলাম ও সাইফ হাসান।

সোমবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের মোকাবিলা করবে জিম্বাবুয়ে। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকেল সাড়ে ৫টায়।

/এমএইচআর

Logo