টেলর-আরভিনের ব্যাটে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো জিম্বাবুয়ে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম
ত্রিদেশীয় ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ২৭২ রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। দলের হয়ে সর্বোচ্চ ৯৩ রানের ইনিংস খেলেছেন ক্রেইগ আরভিন।
শনিবার (১৭ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় রোডেশিয়ানরা।
এদিন ইনিংসের শুরুতেই প্রতিপক্ষ শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার করা প্রথম ওভারের শেষ বলেই এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ওপেনার ব্রায়ান ব্রেনেট।
পঞ্চম ওভারের প্রথম বলে তাসকিন তুলে নেন বেন কারানকে। ব্যক্তিগত ৬ ও দলীয় ১৭ রানে সাজঘরে ফেরেন এ ব্যাটার।
নতুন ব্যাটার তাফাদজওয়া সিগাও দায়িত্ব সামলাতে পারেননি। তাসকিনের তৃতীয় শিকার এ ব্যাটার আউট হওয়ার আগে খেলেন ১৫ বলে ১৬ রানের ইনিংস।
এরপর ক্রেইগ আরভিনকে সঙ্গে নিয়ে বিপর্যয় সামলানোর দায়িত্ব নেন ব্রেন্ডন টেলর। দুজনের ব্যাট থেকে আসে যথাক্রমে ৮১ ও ৯৩ রান।
বাকিদের মধ্যে কেউই পেরোতে পারেননি ৩০ রানের কোটা। অধিনায়ক সিকান্দার রাজা বিদায় নেন ৪ রান করে। শেষ পর্যন্ত নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ২৭১ রানে থামে জিম্বাবুয়ে।
বাংলাদেশের পক্ষে ৪৪ রানের খরচায় ৩টি উইকেট তুলে নেন তাসকিন। এছড়া ২টি করে উইকেট পান শরীফুল ইসলাম ও সাইফ হাসান।
/এমএইচআর