রেফারিকে নিয়ে বিতর্কিত মন্তব্যে শাস্তি পেলেন আরবেলোয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ১১:০২ এএম
ম্যাচ কর্মকর্তাদের বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে এবার ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) শাস্তির মুখে পড়েছেন ফুলহ্যাম কোচ আলভারো আরবেলোয়া। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচ শেষে বিস্ফোরক মন্তব্য করায় তাকে ২৫ হাজার পাউন্ড জরিমানা করেছে এফএ।
গত ২০ সেপ্টেম্বর ক্রাভেন কটেজে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ফুলহ্যাম। ম্যাচে শেষ মুহূর্তে সমতায় ফেরে ইউনাইটেড। এরপর আরবেলোয়া অভিযোগ করেন রেফারির সব সিদ্ধান্তই গেছে ইউনাইটেডের পক্ষে। এমনকি ম্যানচেস্টার সিটির বিপক্ষে আগের ম্যাচের পর ইউনাইটেডকে হারতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।
ঘটনার তদন্ত শেষে স্বাধীন কমিশন জানায়, আরবেলোয়ার বক্তব্যে ম্যাচ কর্মকর্তাদের পক্ষপাতের ইঙ্গিত ছিল। ভবিষ্যতে এমন মন্তব্যের পুনরাবৃত্তি না করতেও সতর্ক করা হয়েছে তাকে।
জরিমানা হলেও আপাতত ডাগআউটে দায়িত্ব পালনে কোনো নিষেধাজ্ঞার মুখে পড়ছেন না ফুলহ্যাম কোচ। তবে ভবিষ্যতে একই ধরনের বিতর্কে জড়ালে আরবেলোয়ার বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
/এএম