৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস, খেলতে পারবেন না এল ক্লাসিকো
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০৯:১৪ এএম
প্রতিপক্ষের চুল টেনে ধরা এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ করায় ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটি।
লা লিগার এক ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে বদলি নেমেই গোল পান ভিনি, এরপরই লাল কার্ড। ন্যাথান সালিবার চুল টেনে ধরার ঘটনা ভিএআরে দেখে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।
তবে লাল কার্ড দেখার পর চরম অসন্তোষ প্রকাশ করে আক্রমণাত্মক ভঙ্গিতে রেফারির দিকে তেড়ে যান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরবর্তীতে সতীর্থরা তাকে থামিয়ে মাঠের বাইরে নিয়ে যান। শৃঙ্খলা কমিটি মাঠের অপরাধের জন্য দুই ম্যাচ এবং রেফারির সিদ্ধান্তের প্রতিবাদে অসদাচরণের দায়ে আরও দুই ম্যাচ— মোট ৪ ম্যাচের নিষেধাজ্ঞা প্রদান করে।
এর ফলে সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের ও ভালেন্সিয়ার বিপক্ষে খেলতে পারবেন না তিনি। সবচেয়ে বড় ধাক্কা আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোয় ভিনিকে ছাড়াই মাঠে নামতে হবে রিয়াল মাদ্রিদকে।
স্প্যানিশ লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে ৬ পয়েন্টে পিছিয়ে থাকা রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনহোর জন্য বড় পরীক্ষার কারণ হতে যাচ্ছে আক্রমণভাগের অন্যতম মূল তারকাকে হারানো।
/এমএইচআর