পোর্টসমুথের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন হামজা চৌধুরী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৬, ০১:৫৬ এএম
ইংলিশ ফুটবলে শেফিল্ড ইউনাইটেডের হয়ে ম্যাচ চলাকালীন লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীকে। পোর্টসমুথের বিপক্ষে মাঠে মাত্র ৯ মিনিটের ব্যবধানে দুটি সিদ্ধান্তমূলক ফাউল করে পরপর দুটি হলুদ কার্ডের শিকার হন তিনি।
পোর্টসমুথ ও শেফিল্ড ইউনাইটেডের মধ্যকার উত্তেজনাপূর্ণ ম্যাচে প্রথমার্ধের ৪৪তম মিনিটে এ অপ্রীতিকর ঘটনা ঘটে।
ম্যাচ চলাকালীন প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে চ্যালেঞ্জে জড়ান হামজা। বিশেষ করে পোর্টসমুথের রায়ান কাভুমাকে একটি কড়া ‘বডি চেক’ করায় ম্যাচ রেফারি অলিভার ল্যাংফোর্ড তাকে দ্বিতীয় হলুদ কার্ড এবং লাল কার্ড দেখান। ৯ মিনিটের ব্যবধানে দুটি হলুদ কার্ড পাওয়ায় প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগের মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় শেফিল্ড ইউনাইটেড।
রেফারি অলিভার ল্যাংফোর্ডের এই সিদ্ধান্তের ফলে ডাগআউটে ফিরে যেতে বাধ্য হন হামজা। একই সাথে এই লাল কার্ডের কারণে শেফিল্ডের পরবর্তী ম্যাচেও নিষিদ্ধ থাকবেন তিনি, যা দলের জন্য বড় এক ধাক্কা।
/এএ