লিভারপুলের মাঠে কেন কলা দেখালেন ম্যানসিটি সমর্থকরা?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:০১ পিএম
প্রিমিয়ার লিগের আর্থিক অনিয়মের অভিযোগ, লিভারপুল সমর্থকদের বিদ্রূপ আর অ্যানফিল্ডের উত্তপ্ত পরিবেশ। কিন্তু এসবের মধ্যেই সবার নজর কেড়ে নিলো ম্যানচেস্টার সিটির সমর্থকদের হাতে থাকা শত শত হলুদ রঙের ফোলানো কলার রেপ্লিকা। আর্থিক বিতর্কে যখন কোণঠাসা সিটি, তখন হঠাৎ কলা হাতে মাঠে নামার কারণ কী? প্রতিপক্ষকে কোনো বার্তা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গল্প?
গল্পটা শুরু ১৯৮৭ সালে। সিটির সমর্থক ফ্র্যাঙ্ক নিউটন মাঠে নিয়ে এসেছিলেন একটি কৃত্রিম ফোলানো কলা। একই সময়ে ক্লাবের জনপ্রিয় স্ট্রাইকার ইমরে ভারাদিকে নিয়ে গ্যালারিতে চলতো 'ইমরে ব্যানানা' স্লোগান। সেখান থেকেই ধীরে ধীরে কলা হয়ে ওঠে সিটি সমর্থকদের ঐতিহ্যের প্রতীক। ক্লাবের কঠিন সময়েও ফুটবলার-সমর্থকদের মাঝে উদ্যম ধরে রাখার একটি উপায় হয়ে উঠেছিল এই কৃত্রিম কলা উঁচিয়ে ধরা।
প্রিমিয়ার লিগের আর্থিক নিয়ম ভাঙার অভিযোগে স্বাধীন কমিশনের সিদ্ধান্ত ঘিরে সিটিকে নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, তখন লিভারপুল সমর্থকদের ব্যঙ্গবিদ্রূপও ছিল চোখে পড়ার মতো। তবে সিটির সমর্থকেরা বেছে নিলেন নিজেদের পুরোনো ঐতিহ্য। সমর্থকগোষ্ঠী ১৮৯৪ গ্রুপের উদ্যোগে গ্যালারিতে ফিরিয়ে আনা হয় সেই রেট্রো আবহ- পুরোনো দিনের জার্সি, আর হাতে হাতে হলুদ কলা।
বার্তাটা পরিষ্কার– সিটির ইতিহাস শুধু কোটি কোটি টাকার মালিকানা, তারকা খেলোয়াড় কিংবা একের পর এক শিরোপার গল্প নয়। দ্বিতীয় বিভাগ এমনকি তৃতীয় বিভাগে খেলার কঠিন সময়ও পার করেছে ক্লাবটি। তখনও তারা ছিলেন ম্যানসিটির পাশে। আজও ক্লাবটির পাশে আছেন সেই ভক্তরাই।
সব বাধা-বিপত্তির পরও মাঠের লড়াইয়ে অ্যানফিল্ডে লিভারপুলের বিপক্ষে দাপুটে জয় পেয়েছে সিটিজেনরা। ফুটবলে অর্থের প্রভাব যতই বাড়ুক, সমর্থকদের কাছে ক্লাব মানে শুধু ট্রফি নয়, একটি আবেগ। আর সেই আবেগের বহিঃপ্রকাশই এই কলার মিছিল।
/এএম