×
Logo

খেলাধুলা

আবুধাবি টেস্ট

লিটনের সেঞ্চুরি, আফগানদের ৪৭৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৭ পিএম

লিটনের সেঞ্চুরি, আফগানদের ৪৭৯ রানের টার্গেট দিলো বাংলাদেশ

আবুধাবি টেস্টে ৩৭২ রানে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। দলের হয়ে শতকের দেখা পেয়েছেন লিটন দাস। ১০২ রান করে লিটন আউট হলে ইনিংস ডিক্লেয়ার করেন অধিনায়ক। এতে ৪৭৯ রানের টার্গেট পেলো আফগানিস্তান।

সোমবার (১২ অক্টোবর) শেখ আবু জায়েদ স্টেডিয়ামে আগের দিনের ৬ উইকেটে ২২৩ রান থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ।

এদিন বড় লিড এনে দেওয়ার পথে বড় জুটি গড়েন লিটন-মিরাজ। সপ্তম উইকেট জুটিতে এই দুই ব্যাটার মিলে তোলেন ১৪৯ রান। তাতেই লিডের পাহাড় গড়ে সফরকারীরা।

১১৫ বলে সেঞ্চুরি পূরণ করেন লিটন। এরপর আর বেশিক্ষণ ক্রিজে টিকতে পারেননি। ১০২ রানে সাজঘরের পথ ধরেন। ১১৭ বলে খেলা তার এই অনবদ্য ইনিংসটি ১৪টি চারে সাজানো।

অর্ধশতকের দেখা পেয়েছেন মিরাজও। তিনি অপরাজিত থাকেন ৯৭ বলে ৫২ রানে। ৭ উইকেটে ৩৭২ রান করার পর ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে স্বাগতিক আফগানিস্তান।

এর আগে, বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৩৪৬ রান করে। তারপর হাসান মাহমুদ ও এবাদত হোসেনের দুর্দান্ত বোলিংয়ে আফগানিস্তানকে ২৪০ রানে অলআউট করে টাইগাররা।

/এমএইচআর

Logo