×
Logo

খেলাধুলা

সাদাকাতের ব্যাটিংয়ে ৮২ রানের বিশাল জয় পাকিস্তানের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:৪১ এএম

সাদাকাতের ব্যাটিংয়ে ৮২ রানের বিশাল জয় পাকিস্তানের

শ্রীলঙ্কার বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালিয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৮২ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে পাকিস্তান। টস জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২১৫ রানের পাহাড় গড়েছিল সফরকারীরা। জবাবে ২১৬ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১৩৩ রানেই থেমে যায় লঙ্কানদের ইনিংস।

শ্রীলঙ্কার বোলারদের জন্য ম্যাচটি ছিল দুঃস্বপ্নের মতো। পাকিস্তানের টপ অর্ডারে মাজ সাদাকাত ও সাহিবজাদা ফারহান মিলে ইনিংসের শুরু থেকেই বিধ্বংসী ঝড় তোলেন। বিশেষ করে তরুণ ব্যাটার সাদাকাতের ব্যাটিং রূপ নেয় ধ্বংসযজ্ঞে। মাত্র ৪ রানের জন্য শতক হাতছাড়া হলেও তার ব্যাটিং তাণ্ডবেই কার্যত ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।

৫১ বলে ৯৬ রানের অবিশ্বাস্য ইনিংস খেলার পথে তিনি হাঁকান ৭টি বিশাল ছক্কা ও ৬টি চার। তার স্ট্রাইক রেট ছিল চোখধাঁধানো ১৮৮.২৩। অপর প্রান্তে আক্রমণাত্মক ব্যাটিং করা ফারহান ৪৪ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলেন।

২১৬ রানের কঠিন লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানি পেসারদের নিয়ন্ত্রিত ও আগুনে বোলিংয়ের সামনে কখনোই চাপ তৈরি করতে পারেনি স্বাগতিক শ্রীলঙ্কা। কামিন্দু মেন্ডিস ও মহীশ তিকশানা কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও প্রয়োজনীয় আস্কিং রানরেটের সঙ্গে পাল্লা দেওয়া সম্ভব হয়নি। শেষ দিকে আটে ব্যাট করতে নেমে ২৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৩২ রান করেন তিকশানা।

বল হাতে পাকিস্তানের পেসার মোহাম্মদ ইমরান ছিলেন সবচেয়ে বিধ্বংসী ও হিসেবি। তিনি ৪ ওভার বল করে মাত্র ১১ রান খরচায় তুলে নেন ৩টি গুরুত্বপূর্ণ উইকেট।

এ জয়ের মাধ্যমে সিরিজে সুবিধাজনক অবস্থানে পৌঁছাল পাকিস্তান। একই ভেন্যুতে আগামী মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি অনুষ্ঠিত হবে।

/এএ 

Logo