×
Logo

খেলাধুলা

সোবহানার রেকর্ড সেঞ্চুরিও ম্লান, বড় হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৬:০৯ পিএম

সোবহানার রেকর্ড সেঞ্চুরিও ম্লান, বড় হার বাংলাদেশের

নারী ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিপক্ষে সেঞ্চুরি গড়েছেন সোবহানা মোস্তারি। দলটির বিপক্ষে যেকোনো ফরম্যাটে এমন মাইলফলক তৈরি করলেন এই ব্যাটার। শুধু তাই নয়, নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে চতুর্থ উইকেটে গড়েন ১৯৫ রানের জুটি। দেশের নারী ক্রিকেটে যেকোনো উইকেটে যা সর্বোচ্চ। এমনকি আগে কেউ যা পারেনি, মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ বছরের পুরনো রেকর্ড ভেঙে সোবহানা-জ্যোতি গড়েন নতুন ইতিহাস। তবে তার এমন কীর্তির দিনেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে বাংলাদেশ।

রোববার (১১ অক্টোবর) ব্রিসবেনে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ পাঠায় স্বাগতিক অস্ট্রেলিয়া।

এদিন মাত্র ৮ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। এমন ধ্বংসস্তুপের মাঝে রীতিমত ফিনিক্স পাখি হয়ে আসেন সোবহানা মোস্তারি। এরপর ব্যাট হাতে যা করলেন তাতে লেখা হলো নতুন ইতিহাস। অস্ট্রেলিয়ার মাটিতে একাধিক রেকর্ড তৈরি সাথে নতুন গল্প লেখেন নিগার সুলতানা জ্যোতিকে নিয়ে।

চতুর্থ উইকেটে দুজনের দৃঢ়তায় বদলে যেতে থাকে ম্যাচের চিত্র। ১২৩ বলে ১৫ চারে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান সোবহানা। নারী ক্রিকেটে যে কোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের প্রথম সেঞ্চুরি এটি।

শেষ পর্যন্ত ১৩৪ বলে ১৮ চারে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন এই ব্যাটার। নারী ক্রিকেটে বাংলাদেশের হয়ে যে কোনো ফরম্যাটে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। পেছনে পড়ে যায় ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে নিগার সুলতানার অপরাজিত ১১৩ রান।

শুধু ব্যক্তিগত অর্জন নয়, জুটিতেও তৈরি হয়েছে ইতিহাস। নিগার ও সোবহানার ১৯৫ রানের জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে নারী ওয়ানডেতে যে কোনো উইকেটে সর্বোচ্চ। দেশের হয়ে যে কোনো উইকেটে জুটিতেই সর্বোচ্চ। এমনকি অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে কেউ যা পারেনি, সেই রেকর্ডেই গড়লেন দুজন। ভেঙেছে ২০০২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নিউজিল্যান্ডের এমিলি ড্রুম ও রেবেকা জেন রোলসের ১৭০ রানে রেকর্ডও।

১১৪ বলে ৭৪ রানে অপরাজিত থেকে দলের সংগ্রহ বাড়াতে ভূমিকা রাখেন নিগার সুলতানা।নিজের এমন অর্জনের পুরো কৃতিত্ব সতীর্থ ও কোচিং স্টাফদের দেন সোবহানা মোস্তারি।

রেকর্ডময় দিনেও অবশ্য শেষ হাসিটা হাসতে পারেনি বাংলাদেশ। লাল-সবুজদের দেয়া ২২১ রানের টার্গেট ১৩১ বল হাতে রেখে ৯ উইকেটে টপকে যায় অস্ট্রেলিয়া। টানা দুই হারে নিশ্চিত হয় সিরিজ হারও।

/এমএইচআর

Logo