প্রতিপক্ষের চুল টেনে লাল কার্ড দেখার ঘটনায় এক থেকে তিন ম্যাচ নিষেধাজ্ঞার শঙ্কায় আছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস জুনিয়র।
শনিবার (১০ অক্টোবর) ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে নেমে ২০ মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে হয় ভিনিসিউসকে। ভিএআরের সহায়তায় প্রতিপক্ষের ন্যাথান সালিবার চুল টানার বিষয়টি দেখে তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি।
ফলে আগামী ২৫ অক্টোবর বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকো মিস করতে পারেন এই ফরোয়ার্ড। ঘটনার পর সতীর্থ ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন ভিনিসিউস।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএসের প্রতিবেদনে বলা হয়েছে, স্প্যানিশ ফুটবলে বল দখলের লড়াইয়ের বাইরে প্রতিপক্ষের চুল টানার ঘটনাটি ‘সহিংস আচরণ’ হিসেবে বিবেচিত হয়ে থাকে।
এখন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের অপেক্ষায় এই ব্রাজিলিয়ান তারকা। স্প্যানিশ ফুটবলের নিয়ম অনুযায়ী, এ ধরনের অপরাধে একজন খেলোয়াড়কে দুই থেকে তিন ম্যাচ নিষিদ্ধ করা হয়। তেমনটা হলে আগামী ২৫ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে মৌসুমের প্রথম এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ভিনিসিয়ুস।
উল্লেখ্য, রিয়াল মাদ্রিদ চাইলে শাস্তির বিরুদ্ধে আপিল করতে পারবে। তবে আপিলের পর ভিনিকে যদি তিন ম্যাচের জায়গায় দুই ম্যাচও নিষিদ্ধ করা হয়, তবু এল ক্লাসিকোয় খেলতে পারবেন না ভিনি।
/এমএইচআর