×
Logo

খেলাধুলা

‘প্রত্যেক খেলোয়াড়ই জিততে চায়’, প্রথম ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন এমবাপ্পের

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ পিএম

‘প্রত্যেক খেলোয়াড়ই জিততে চায়’, প্রথম ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন এমবাপ্পের

বিশ্বসেরা ফুটবলারের স্বীকৃতি ব্যালন ডি’অর জয়ের স্বপ্ন দেখেন ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। তবে এখনো ক্যারিয়ারে এই পুরস্কার জিততে 'না' পারায় কোনো হতাশা নেই বলেও জানিয়েছেন তিনি। 

যদিও এবারের ব্যালন ডি’অর নিজের হাতে ওঠার সম্ভাবনা দেখছেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। তার বিশ্বাস, ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতেই দেওয়া উচিত ফুটবলের মর্যাদাপূর্ণ এই পুরস্কার।

গত মৌসুমে, কোনো শিরোপা জিততে পারেননি এমবাপ্পে। ফ্রান্সের হয়ে বিশ্বকাপে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছেন তিনি। অন্যদিকে, রিয়াল মাদ্রিদের হয়েও কোনো ট্রফি জেতা হয়নি তার। 

সাধারণত, ব্যালন ডি’অর বিজয়ী নির্বাচনের ক্ষেত্রে দলীয় সাফল্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারপরও ব্যক্তিগত নৈপুণ্যকে পুরস্কার দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন ২৭ বছর বয়সী এই তারকা।

ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান অনের সঙ্গে নতুন স্পনসরশিপ চুক্তির পর সিএনএন স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ব্যালন ডি’অর জিততে 'না' পারা নিয়ে তার মধ্যে কোনো হতাশা নেই। তবে প্রতিযোগী হিসেবে সবকিছু জেতার আকাঙ্ক্ষা যে তার রয়েছে, সেটিও স্পষ্ট করেছেন তিনি।

এমবাপ্পের ভাষ্য, 'ফুটবল একটি দলীয় খেলা। তবে দলীয় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি দিতে দলীয় শিরোপাও রয়েছে। ব্যালন ডি’অরের কথা যখন আসে, তখন এটি দেওয়া হয় একজন খেলোয়াড়কে। তাই পুরস্কারটি দেওয়া উচিত সেরা খেলোয়াড়কে, যিনি নিজের পারফরম্যান্স দিয়ে প্রমাণ করেন যে 'তিনিই সেরা'। আর প্রতিটি বড় প্রতিযোগিতাই একজন খেলোয়াড়ের সামর্থ্যের কিছু না কিছু তুলে ধরে।'

এবারের ব্যালন ডি’অর জয়ের দৌড়ে এমবাপ্পের বড় দুই প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে বার্সেলোনার তরুণ তারকা লামিন ইয়ামাল ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড হ্যারি কেইনকে। এছাড়া রেকর্ড নবমবারের মতো এই পুরস্কার জয়ের সম্ভাবনা রয়েছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিরও। বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে তার পারফরম্যান্সের কারণে মেসিকে ঘিরেও রয়েছে আলোচনা।

ফ্রান্সকে, দ্বিতীয় বিশ্বকাপ শিরোপা জেতাতে 'না' পারলেও ব্যক্তিগত অর্জনের দিক থেকে স্মরণীয় এক আসর কাটিয়েছেন এমবাপ্পে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে নিজের ২২তম গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হওয়ার রেকর্ড গড়েন তিনি।

এই অর্জনকে অবিশ্বাস্য উল্লেখ করে এমবাপ্পে বলেন, 'এমন কিছু অর্জন করতে পারবো, তা কখনো কল্পনাও করিনি। ছোটবেলায় যেসব কিংবদন্তি খেলোয়াড়, সেরা ক্রীড়াবিদ ও আইকনকে আদর্শ হিসেবে দেখতাম, তাদের অনেকের নামই আমরা দেখেছি। মাত্র ২৭ বছর বয়সে তাদের মতো একজন হতে পারা অবাস্তব মনে হয়।'

ক্যারিয়ারে একের পর এক রেকর্ড গড়লেও এখনো ব্যালন ডি’অর জিততে পারেননি এমবাপ্পে। তবে এ নিয়ে কোনো আক্ষেপ নেই তার। এমবাপ্পে বলেন, 'হতাশা? না। কারণ, একজন প্রতিযোগী হিসেবে আপনি সবকিছুই জিততে চান। তাই শেষ পর্যন্ত অবশ্যই এই পুরস্কার জিততে চাইবেন। প্রত্যেক খেলোয়াড়ই এটি জিততে চায়।'

আগামী ২৬ অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে ব্যালন ডি’অর পুরস্কার বিতরণী অনুষ্ঠান। তবে কে এই পুরস্কার জিতবেন, তা যা-ই হোক না কেন, জাতীয় দলের নতুন অধ্যায়ের কারণে এ বছর এমবাপ্পের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির কিংবদন্তি কোচ দিদিয়ের দেশম। ফলে জাতীয় দলে প্রথমবারের মতো নতুন কোচের অধীনে খেলতে হবে এমবাপ্পেকে। দেশমের স্থলাভিষিক্ত হয়েছেন ফরাসি ফুটবলের আরেক কিংবদন্তি জিনেদিন জিদান। খেলোয়াড় হিসেবে ফ্রান্সের ইতিহাসের অন্যতম সেরা এই তারকা কোচ হিসেবে রিয়াল মাদ্রিদকে টানা তিনটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতিয়েছেন। তবে এবারই প্রথম কোনো জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন তিনি।

ফ্রান্সের নতুন কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পরই জিদান নিশ্চিত করেছেন, আগামী ২০৩০ বিশ্বকাপ সামনে রেখে জাতীয় দলের নতুন যাত্রায় অধিনায়ক থাকবেন এমবাপ্পে।

নতুন কোচকে স্বাগত জানিয়ে এমবাপ্পে বলেন, 'জাতীয় দলে নতুন একটি যুগ শুরু হচ্ছে। জিদানকে পেয়ে আমরা সত্যিই আনন্দিত। দেখা যাক, আমরা কী করতে পারি। আমার মনে হয়, আমাদের নিয়ে সবার প্রত্যাশা অনেক বেশি।'

এ সময় উত্তর আমেরিকায় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে ফ্রান্সের পারফরম্যান্স থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এমবাপ্পে বলেন, 'আমরা বিশ্বের অন্যতম সেরা দল, সেটা সবাই দেখেছে। তবে বিশ্বের সেরা দল হতে হলে আমাদের খুঁটিনাটি বিষয়গুলোতে আরও কাজ করতে হবে। সেটিও সবাই দেখেছে বলে আমার মনে হয়।'

তিনি আরও বলেন, 'দিন শেষে এটি আমাদের জন্য দারুণ একটি অভিজ্ঞতা ছিল। আমার মনে হয়, আমরা বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের আনন্দ দিতে পেরেছি। কিন্তু আমরা যে লক্ষ্য অর্জন করতে চেয়েছিলাম, তা পারিনি। তবে এটিকে আমি ব্যর্থতা বলতে পারি না।'

/এআই

Logo