দুবাইয়ের আবাসন প্রকল্পে বিপুল বিনিয়োগ বেনজেমার, তবে কি ইতি টানছেন ফুটবলের?
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৭ পিএম
মাঠের ফুটবলের অনিশ্চিত ভবিষ্যতের মাঝেই সংযুক্ত আরব আমিরাতের রিয়েল এস্টেট খাতে বড় ধরনের বিনিয়োগ করলেন ফরাসি তারকা ও ব্যালন ডি’অরজয়ী স্ট্রাইকার করিম বেনজেমা। দুবাইয়ের ক্রমবর্ধমান ও অত্যন্ত আকর্ষণীয় বিলাসবহুল আবাসন বাজারে একাধিক ব্যয়বহুল রেসিডেন্স বা অ্যাপার্টমেন্ট কিনেছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ তারকা।
বুধবার (৭ অক্টোবর) দুবাইয়ের কোকা-কোলা অ্যারেনায় আয়োজিত ‘ভিশন আইকনিক’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য নিশ্চিত করেছে শীর্ষস্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান বিনঘাত্তি। প্রতিষ্ঠানটি জানায়, ‘মার্সিডিজ-বেঞ্জ প্লেসেস | বিনঘাত্তি সিটি’ প্রকল্পে একাধিক অ্যাপার্টমেন্ট কেনার পাশাপাশি ‘ভিশন আইকনিক’-এ একটি অতি-বিলাসবহুল রেসিডেন্স কিনেছেন বেনজেমা।
বিনিয়োগ উপলক্ষে আয়োজিত আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিনঘাত্তির সেলস প্রধান আবদুল্লাহ বিনঘাত্তির সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেন বেনজেমা। এ সময় বিনঘাত্তির চেয়ারম্যান মুহাম্মদ বিনঘাত্তিসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
দুবাইয়ের প্রপার্টি খাতে বিনিয়োগকারী আন্তর্জাতিক ফুটবল তারকাদের অভিজাত তালিকায় যুক্ত হলেন বেনজেমা। এর আগে ব্রাজিলিয়ান পোস্টারবয় নেইমার বিনঘাত্তির বুগাত্তি রেসিডেন্সে প্রায় ২০ কোটি দিরহাম মূল্যের একটি স্কাই ম্যানশন কেনেন। এছাড়া সাবেক স্পেন ডিফেন্ডার আইমেরিক লাপোর্ত এবং সাবেক জার্মান আন্তর্জাতিক করিম বেলারাবিও বিনঘাত্তির বিভিন্ন প্রকল্পে বিলাসবহুল বাসস্থান কিনেছেন।
বিনঘাত্তির চেয়ারম্যান মুহাম্মদ বিনঘাত্তি বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ ফুটবল তারকাদের বিনঘাত্তির প্রকল্প বেছে নেওয়ার এই সিদ্ধান্ত প্রমাণ করে যে, প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ক্রেতাদের অনন্য এক শ্রেণির কাছে কতটা বিশ্বস্ত ও আকর্ষণীয় স্থান করে নিয়েছে।
৩৮ বছর বয়সী ফরাসি স্ট্রাইকারের এই বড় অঙ্কের বিনিয়োগ এমন এক সময়ে এলো, যখন তার ফুটবল ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন তুঙ্গে। সম্প্রতি সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তির ইতি টেনেছেন বেনজেমা। ফলে তিনি কি বুটজোড়া তুলে রেখে মাঠের বাইরে মনোযোগ দেবেন, নাকি নতুন কোনো ক্লাবে নাম লেখাবেন—তা নিয়ে ফুটবল বিশ্বে প্রশ্ন থেকেই যাচ্ছে।
/এনএ