আর্জেন্টিনার শুরুর একাদশে মেসি, খেলবেন পুরো ম্যাচ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ এএম
বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামছেন লিও মেসি। এরইমধ্যে ঘোষণা করা হয়েছে আলবিসেলেস্তেদের শুরুর একাদশ। প্রথম থেকেই খেলবেন মেসি।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচ।
কোচ লিওনেল স্কালোনি ঘোষিত একাদশে গোলপোস্টে থাকবেন এমিলিয়ানো মার্টিনেজ। রক্ষণে সেন্টারব্যাক হিসেবে খেলবেন ক্রিশ্চিয়ান রোমেরো ও নিকোলাস ওতামেন্দি। বাঁ প্রান্তে থাকছেন নিকোলাস তালিয়াফিকো। চোটের কারণে আগের দুটি প্রীতি ম্যাচে খেলতে পারেননি তিনি। বেনিনের বিপক্ষে মাঠে ফেরার কথা এই অভিজ্ঞ ডিফেন্ডারের।
রাইট-ব্যাক পজিশনে দেখা যেতে পারে অগাস্তিন গিয়াইকে। নাহুয়েল মোলিনা নিষেধাজ্ঞার কারণে খেলতে পারবেন না। এ ছাড়া গনসালো মন্তিয়েলও দলে ডাক পাননি। ফলে ডান দিকের রক্ষণ সামলানোর দায়িত্ব পেতে পারেন গিয়াই।
এদিকে, মাঝমাঠেও থাকছে বিশেষ প্রত্যাবর্তন। আগের ম্যাচগুলোতে দলে না থাকা রদ্রিগো দি পল আবার ফিরছেন। মেসির সঙ্গে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো একই মাঠে নামার সুযোগ পাচ্ছেন তিনি। তার সঙ্গে মাঝমাঠে থাকবেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার।
দলের আক্রমণভাগে অবশ্য সবচেয়ে বড় আকর্ষণ মেসি নিজেই। দলের অধিনায়ককে সামনে রেখে আক্রমণ সাজানো হচ্ছে। তার সঙ্গে থাকবেন লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
আর্জেন্টিনা একাদশ: গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
রক্ষণ: অগাস্তিন গিয়াই, ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, নিকোলাস তালিয়াফিকো
মাঝমাঠ: রদ্রিগো দি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার
আক্রমণভাগ: লিওনেল মেসি, লাওতারো মার্তিনেজ, হুলিয়ান আলভারেজ
/এমএইচআর