×
Logo

খেলাধুলা

‘প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারা আনন্দের’: মেসিকে রোনালদিনহো

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ এএম

‘প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারা আনন্দের’: মেসিকে রোনালদিনহো

আন্তর্জাতিক ফুটবল থেকে লিওনেল মেসির বিদায়ের প্রাক্কালে এক আবেগঘন বার্তা দিয়েছেন সাবেক ব্রাজিলিয়ান মহাতারকা ও বার্সেলোনায় মেসির প্রথম দিককার সতীর্থ রোনালদিনহো। বুধবার (৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ (সাবেক টুইটার) তরুণ মেসিকে নিজের পিঠে তুলে উদযাপনের পুরোনো স্মৃতি ও বিশ্বজয়ের অর্জনের কথা স্মরণ করে এই বার্তা প্রকাশ করেন তিনি।

বার্তায় রোনালদিনহো লেখেন, একেবারে প্রথম দিন থেকেই তোমার গল্পের অংশ হতে পারা কী দারুণ এক তৃপ্তির আর আনন্দের, ভাই! তুমি আমাদের কতশত হাসি উপহার দিয়েছ এবং ফুটবলকে দারুণভাবে উপভোগ করতে শিখিয়েছ! তোমার নাম নিজের দেশের তো বটেই, পুরো বিশ্বের ইতিহাসেও খোদাই হয়ে থাকবে।

বিশ্বকাপ জয়ের অনুভূতি ও পারিবারিক অগ্রাধিকারের বিষয় উল্লেখ করে তিনি আরও লেখেন, পুরো জাতির প্রতিনিধিত্ব করে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শৈশবের স্বপ্ন পূরণ করার যে আনন্দ, তা কেবল আমরাই বুঝি! জাতীয় দল আর তোমার দেশের জন্য তুমি নিজের সর্বস্ব নিংড়ে দিয়েছ... আমি তোমাকে পুরোপুরি বুঝতে পারছি। পরিবার সংশ্লিষ্ট যেকোনো বিষয়ই আমাদের অনেক কিছু নতুন করে ভাবিয়ে তোলে... জীবনটাকে এবার উপভোগ করো, ভাই। আজ এবং আগামীর প্রতিটি দিনের জন্য তোমার প্রতি রইল নিরন্তর শুভকামনা।

উল্লেখ্য, ২০০৩ থেকে ২০০৮ সাল পর্যন্ত বার্সেলোনায় রোনালদিনহোর ছত্রচ্ছায়াতেই বিশ্ব ফুটবলের মূল মঞ্চে আবির্ভাব ঘটেছিল মেসির। এমনকি ২০০৫ সালে আলবাচেতের বিপক্ষে বার্সেলোনার জার্সিতে মেসির ঐতিহাসিক প্রথম সিনিয়র গোলের পাসটিও এসেছিল এই ব্রাজিলিয়ান জাদুকরের পা থেকেই। পরবর্তীতে জাতীয় দলের জার্সিতে ব্রাজিল ও আর্জেন্টিনার চিরপ্রতিদ্বন্দ্বিতা থাকলেও দুজনের পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক সবসময়ই ফুটবল বিশ্বে অনন্য এক উদাহরণ হয়ে থেকেছে। 

/এনএ 

খেলা থেকে আরও পড়ুন

ধন্যবাদ জাদুকর

Logo