×
Logo

খেলাধুলা

দল, সতীর্থ, অনুশীলন— বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ এএম

দল, সতীর্থ, অনুশীলন— বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করব: মেসি

আকাশি-নীল জার্সিতে দেশের হয়ে শেষবারের মতো খেলতে নামছেন মেসি। বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস আইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিদায়ী এই ম্যাচের আগে শেষবারের মতো আর্জেন্টিনা দলের সঙ্গে অনুশীলন করেন মেসি।

অনুশীলনের বেশ কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমেও শেয়ার করেছেন এই মহাতারকা। জানিয়েছেন, বিশেষ এই মুহূর্তগুলো খুব মিস করবেন। দল, ড্রেসিংরুমে সতীর্থদের সঙ্গে খুনসুটি ও অনুশীলন পর্বগুলো যেন স্মৃতির ডায়েরিতে লিখে রেখে বারবার মনে করবেন তিনি।

লিওর শেয়ার করা ছবিতে সতীর্থদের সঙ্গে অনুশীলনের মুহূর্ত তো আছেই, একই সঙ্গে পুরো দল, কোচিং স্টাফ ও এএফএ কর্মীদের সঙ্গে তোলা একটি গ্রুপ ছবিও আছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে মেসি লিখেছেন, ‘বিশেষ কিছু মুহূর্ত। আমি জানি, এসব খুব মিস করব।’

মেসির এই বিদায়ী ম্যাচ ঘিরে তার দেশ আর্জেন্টিনায় ব্যাপক উন্মাদনা দেখা গেছে। বিশেষ এই ম্যাচের জন্য বিশেষভাবে ডাক পেয়েছেন নিকোলাস ওতামেন্দি, রদ্রিগো দে পল ও জিওভানি লো সেলসো। আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে খেলা ওতামেন্দি এর আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তবে বেনিনের বিপক্ষে ম্যাচে তাকে খেলতে দেখা যেতে পারে। কিন্তু ওতামেন্দি একাদশে থাকবে কি না, খেললে কত মিনিট খেলবেন, সেই বিষয়গুলো নিশ্চিত নয় এখনো।

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আর্জেন্টাইন ফুটবলে শেষ হতে যাচ্ছে জাদুকর লিও মেসির অধ্যায়। আলবিসেলেস্তেদের ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ও দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতা এই খেলোয়াড় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিচ্ছেন। বিষাদময় উপলক্ষই বলা যায় ফুটবল ভক্তদের কাছে। আলবিসেলেস্তে জার্সিতে এটাই হতে যাচ্ছে মেসির ২০৮তম ও শেষ ম্যাচ। 

গত আগস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন লিও। লিখেছিলেন, 'আমি আমার সর্বস্ব দিয়েছি; আমার আর দেওয়ার মতো কিছু নেই। তাছাড়া দারুণ কিছু তরুণ খেলোয়াড় উঠে আসছে, যারা নিজেদের সুযোগ পাওয়ার যোগ্য।'

/এমএইচআর

খেলা থেকে আরও পড়ুন

ধন্যবাদ জাদুকর

Logo