জেসুস কোচ থাকলে পর্তুগাল দলে ফিরবেন না রোনালদো: ইএসপিএন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬, ০২:১১ এএম
পর্তুগাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে হোর্হে জেসুস দায়িত্ব পালন করা পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে আর ফিরবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো।
মঙ্গলবার (৬ অক্টোবর) একাধিক নির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে রোনালদোর এই আলটিমেটামের বিষয়টি নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম ইএসপিএন।
সূত্রের খবর অনুযায়ী, পূর্বের সমঝোতা অনুযায়ী সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে কোচ জেসুস প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করায় দারুণ ক্ষুব্ধ হয়েছেন আল নাসর ফরোয়ার্ড।
এর আগে, গত রোববার উয়েফা নেশনস লিগে ঘরের মাঠে নরওয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে জয়ের পর হোর্হে জেসুস দাবি করেছিলেন, রোনালদোর ফেরার দরজা সবসময়ই খোলা রয়েছে।
সংবাদ সম্মেলনে জেসুস বলেন, সে চাইলে জাতীয় দলে ফিরতেই পারে। পরবর্তী দল ঘোষণার আগে আমরা কথা বলব, তবে মূল সিদ্ধান্ত ক্রিসকেই (রোনালদো) নিতে হবে। প্রথমবার দল ঘোষণার সময়ই আমি তাকে বলেছিলাম, 'আমার তোমাকে দরকার। মাঠে খেলো বা না খেলো, তোমাকে আমার পাশে চাই।' এখনও আমি ঠিক একই কথা বলছি।
তবে অভ্যন্তরীণ সূত্রের দাবি, জেসুস সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে খোলামেলা ক্ষমা না চেয়ে এড়িয়ে যাওয়ায় রোনালদো চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন যে— এই কোচের অধীনে তিনি আর কখনোই পর্তুগালের হয়ে মাঠে নামবেন না।
গত ২৭ সেপ্টেম্বর নেশনস লিগে নরওয়ের মাঠে ২-১ গোলের জয়ের ম্যাচে সাইডবেঞ্চে বসে কাটানোর পর ক্ষোভে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যান পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির পেছনে থাকা 'আসল সত্য' যথাসময়ে প্রকাশ্যে আনার প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি।
পর্তুগালের জার্সিতে রেকর্ড ২৩৪ ম্যাচে ১৪৬টি আন্তর্জাতিক গোল করা এই কিংবদন্তির সঙ্গে নতুন কোচের দ্বন্দ্ব এখন জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে বড় সংকটের রূপ নিয়েছে। তবে রোনালদো এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নতুন কোনো মন্তব্য করেননি।
/এনএ