লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দিয়েই কনমেবল কনফেডারেশনের কোনো দলের বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নামছে আফ্রিকান দেশ বেনিন। আরও স্পষ্ট করে বললে শুধু কনমেবলই নয়, কনকাকাফ বা উত্তর -মধ্য আমেরিকান কোনো দলের বিপক্ষেও এর আগে ম্যাচ খেলেনি তারা। তাই মেসির যেদিন শেষ, বেনিনের আমেরিকান ভূখণ্ডের শুরু— এটি বলাই যায়।
বুধবার (৬ অক্টোবর) আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের ঐতিহ্যবাহী এস্তাদিও মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৫টায় অনুষ্ঠিত হবে মেসির বিদায়ী ম্যাচ। যেখানে প্রায় ৮৫ হাজার আর্জেন্টাইন সমর্থক বেনিনের বিপক্ষে এই ৩৯ বছর বয়সী এই তারকার জাদু দেখার জন্য উপস্থিত থাকবেন।
এদিকে আন্তর্জাতিক ফুটবলে খুব একটা পরিচিত বা সাফল্যমন্ডিত দল হিসেবে বিবেচিত নয় বেনিন। তারা বেশিরভাগ ম্যাচই খেলে আফ্রিকান কনফেডারেশনের দলগুলোর বিপক্ষে। ফিফা বিশ্বকাপ কিংবা আফ্রিকান কাপ অব নেশনসেও খুব একটা বলার মতো অর্জন নেই তাদের।
পশ্চিম আফ্রিকার দেশ বেনিনের অবস্থান টোগো ও নাইজেরিয়ার মাঝখানে। উত্তরে বুরকিনা ফাসো ও নাইজার এবং দক্ষিণে গিনি উপসাগর। দেশটি আগে ‘দাহোমে’ নামে পরিচিত ছিল। ১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে বেনিন। দেশটির জনসংখ্যা প্রায় ১ কোটি ৪৮ লাখ।
/এমএইচআর