মেসির বিদায়ী ম্যাচের টিকিটে কালোবাজারির থাবা, তুঙ্গে বিতর্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ১১:১০ পিএম
আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ ঘিরে উন্মাদনার সুযোগ নিয়ে শুরু হয়েছে টিকিটের রমরমা কালোবাজারি। আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে ম্যাচটির টিকিট শেষ হয়ে যাওয়ার পর চড়া দামে তা বিক্রি করছেন এক শ্রেণির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোর ৫টায় বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামবেন মেসি। ম্যাচটি ঘিরে দর্শক ও গণমাধ্যমের আগ্রহ তুঙ্গে।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘লা নাসিওন’ জানায়, ম্যাচের সাধারণ টিকিটের অফিশিয়াল মূল্য ছিল ৫৩ ইউরো, যা কালোবাজারে ৩৫০ ইউরো থেকে শুরু করে বিক্রি হচ্ছে। এমনকি কিছু প্রিমিয়াম ক্যাটাগরির টিকিটের দাম পৌঁছে গেছে ৯০৫ ইউরো পর্যন্ত। গড়ে নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় ৫৬৭ শতাংশ বেশি দামে টিকিট কেনাবেচা হচ্ছে।
এ ঘটনায় আলোচনায় এসেছেন এক মিলিয়নের বেশি ইনস্টাগ্রাম অনুসারী থাকা ইনফ্লুয়েন্সার চাবো মার্তিনেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মেসির বিদায়ী ম্যাচের টিকিট বিক্রির বিজ্ঞাপন দেন।
এদিকে, কালোবাজারির পাশাপাশি বেনিন দলকে ঘিরেও তৈরি হয়েছে বিতর্ক। ম্যাচ শুরুর আগে বুয়েনস এইরেসে এসে নানান অব্যবস্থাপনার মুখে পড়ার অভিযোগ এনেছে আফ্রিকার দেশটি। হোটেলে গরম পানি না থাকা, নষ্ট সনা, অপর্যাপ্ত সামগ্রী এবং মানহীন কৃত্রিম ঘাসের মাঠে অনুশীলনের মতো সমস্যার কথা জানিয়েছে তারা। এমনকি টানা ২৩ ঘণ্টা ইকোনমি ক্লাসে ভ্রমণের ক্লান্তিতে বেনিনের ক্রীড়া বিশ্লেষক জোনাস বিদি অসুস্থ হয়ে জ্ঞান হারান বলেও জানা যায়।
রিভারপ্লেটের ঘরের মাঠ এস্তাদিও মনুমেন্টালের গ্যালারিতে প্রায় ৮৫ হাজার দর্শকের উপস্থিতির কথা রয়েছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি ভক্তদের উন্মাদনা নিয়ে বলেন, "এই ম্যাচের জন্য চাইলে আমরা পাঁচটি স্টেডিয়ামও ভরিয়ে ফেলতে পারতাম।"
মেসির সম্মানার্থে ম্যাচটিকে ঘিরে বিশেষ সাংস্কৃতিক আয়োজনের পরিকল্পনা রয়েছে, যেখানে খেলা শুরুর আগে গান পরিবেশন করবেন বেশ কয়েকজন খ্যাতনামা শিল্পী। মূল সংবর্ধনা অনুষ্ঠিত হবে রেফারির শেষ বাঁশি বাজার পর। টিওয়াইসি স্পোর্টসের তথ্যমতে, মেসিকে দেওয়া হবে স্মারক ক্রেস্ট ও বিশেষ জার্সি, বড় পর্দায় দেখানো হবে তার ক্যারিয়ারের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও এবং সবশেষে ভক্তদের উদ্দেশে বিদায়ী বক্তব্য দেবেন আর্জেন্টাইন মহাতারকা।
/এনএ